সাংবাদিককে রড দিয়ে পেটালেন ছাত্রলীগ নেতারা

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০৬:১১ এএম

দৈনিক সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক সাব্বির আহমেদের ওপর রড, লাঠিসোঁটা নিয়ে হামলা করেছেন সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে তিনি গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। হামলায় তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে একটি ইফতার মাহফিল থেকে অফিসে যাওয়ার পথে তিতুমীর কলেজের আক্কাছুর রহমান আঁখি হলের সামনের প্রধান সড়কে এ হামলা হয়।

জানা গেছে, একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়লের নির্দেশে কলেজ ছাত্রলীগের সহসম্পাদক এস এম ইমরুল রুদ্র এই হামলায় নেতৃত্ব দেন।

ঘটনার বিষয়ে সাব্বির আহমেদ বলেন, ‘আমার ডিপার্টমেন্ট আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিতে ক্যাম্পাসে যাই। সেখানে ছাত্রলীগের নেতা এস এম ইমরুল রুদ্র এসে আমার সাথে সাক্ষাৎ করে। ইফতার শেষে আক্কাছুর রহমান আঁখি হলের নেতাকর্মীদের নিয়ে রুদ্র আমার ওপর অতর্কিত হামলা করে। তারা রড, লাঠিসোঁটা নিয়ে এলোপাতাড়ি আঘাত করে। একপর্যায়ে আমি অজ্ঞান হয়ে যাই।’

তিনি আরও বলেন, ‘কলেজ প্রশাসনকে পরিচালনা করছে তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল। ক্যাম্পাসে কোনো ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা ঘটলেও কলেজ প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না।’

হামলাকারীরা তার মোবাইল ফোন ও মানিব্যাগে থাকা টাকা ছিনিয়ে নেয় বলেও জানান সাংবাদিক সাব্বির।

এ ব্যাপারে বক্তব্য জানতে তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রিপন মিয়ার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

হামলার বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে অবগত করা হলে তারা বলেন, যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত