কুমিল্লায় রেলমন্ত্রী

ট্রেনে আগুন দিয়ে বিএনপি এখন জনবিচ্ছিন্ন

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০১:২৭ এএম

রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি বলেছেন, রেলের যেকোনো দুর্ঘটনা রোধ করার জন্য আমরা প্রস্তুত। বিএনপিকে উদ্দেশ করে বলেন, ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া যায় না। এজন্য বিএনপি এখন আস্তে-আস্তে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি ও জোট সরকারের আমলের রেলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে নতুন-নতুন রেলপথ নির্মাণ করে চলেছেন। চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ নির্মাণ করে পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে রেলের যোগাযোগ স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী ঢাকা-বরিশাল-পায়রাবন্দর রেলপথ নির্মাণ প্রকল্প গ্রহণ করেছেন। তিনি রেলসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করছেন। অপরদিকে, যারা জাতীয় সম্পদ ধ্বংস করে ফায়দা লুটতে চায় জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।

গতকাল শনিবার ঢাকা-চট্টগ্রাম রেলপথের হাসানপুর ও গুণবতী রেলস্টেশনের মধ্যবর্তী তেজের বাজার এলাকায় রেল দুর্ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি, সদস্য শফিকুর রহমান এমপি, সংরক্ষিত মহিলা এমপি নুরুন্নাহার বেগম, রেলওয়ে সচিব হুমায়ুন কবির, মহাপরিচালক সরদার সাহাদাত আলী, পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম, কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত