ইউপি সদস্যের ইয়াবা সেবনের ছবি ভাইরাল

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ০২:৫৩ এএম

লক্ষ্মীপুরের কমলনগরে এক ইউপি সদস্যের ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায়, উপজেলার চর মার্টিন ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ওমর ফারুক মুন্সি লুঙ্গি পরে চেয়ারে বসে ইয়াবা সেবন করছেন। তার সামনে থাকা টেবিলে গ্যাস লাইট, সিগারেট, ফয়েল পেপার দেখা যায়।

এদিকে এ ছবি নিয়ে খুবই বিব্রত স্থানীয় অন্য জনপ্রতিনিধিরা। তারা অভিযোগ করেন, মেম্বার ফারুক মুন্সি সবসময় মাদক সেবন করেন। তার বিরুদ্ধে এরকম একাধিক তথ্য রয়েছে। বিষয়টি নিয়ে তারা খুবই বিব্রত।

ইয়াবা সেবনের ছবিটি তার নিজের স্বীকার করে ওমর ফারুক মুন্সি বলেন, ‘আমার বাসায় কিছু বন্ধু হঠাৎ একদিন ইয়াবা সেবনের জন্য আসে। তখন জোর করে আমাকে ইয়াবা সেবন করায়। আমার বিরুদ্ধে প্রতিপক্ষরা ষড়যন্ত্র শুরু করেছে। সামাজিকভাবে আমাকে হেয় করতে এমন ছবি দিয়ে অপপ্রচার চালাচ্ছে।’

চর মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউছুফ আলী মিয়ার মোবাইলে একাধিকবার ফোন দিয়ে পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন, ‘ছবিটি এখনো দেখিনি। খোঁজ নিয়ে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত