একাই লড়লেন মুমিনুল

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১১:৫৬ পিএম

লড়াইটা একাই চালিয়ে গেলেন মুমিনুল হক। তাতে শ্রীলঙ্কার বিপক্ষে ২ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের অবধারিত হারটা বিলম্বিত হলো। লাহিরু কুমারার বলটা শেষ ব্যাটসম্যান নাহিদ রানার ব্যাটের কানায় লেগে হাওয়ায় ভেসে যখন ধনঞ্জয়া ডি সিলভার হাতে জমা হলো, তখন বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ১৮২ রান। এর ভেতর মুমিনুলেরই ৮৭*, ১৩ রানের জন্য পেলেন না টেস্টে ১৩তম সেঞ্চুরি।

৪৭ রানে ৫ উইকেটে দিন শুরুর পর কখন খেলা শেষ হয় এটাই ছিল একমাত্র উত্তেজনা, খেলার ফল তো ছিল জানাই। শুধু হারের ব্যবধান লেখা বাকি। মুমিনুলের সঙ্গে মেহেদী হাসান মিরাজ (৩৩) মিলে খানিকটা ব্যবধান কমিয়েছেন, তাতেও প্রথম ইনিংসের চেয়ে ৬ রান কমে শেষ হয়েছে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। হারের ব্যবধান ৩২৮ রানের। ৫৬ রানে ৫ উইকেট নিয়েছেন কাসুন রাজিথা, তার ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার। প্রথমটিও বাংলাদেশের বিপক্ষে, দুই বছর আগে মিরপুরে। উভয় ইনিংসেই সেঞ্চুরি করা ম্যাচসেরা ধনঞ্জয়া ডি সিলভা। ৩০ মার্চ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে চট্টগ্রামে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত