ছিনতাইয়ের সময় গ্রেপ্তার ২ কনস্টেবল

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০২:৪৯ এএম

টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ছিনতাই করার সময় পোশাক পরিহিত দুই পুলিশ সদস্য গ্রেপ্তার হয়েছেন। গত রবিবার রাতে উপজেলার ধেরুয়া এলাকায় ছিনতাই করার সময় স্থানীয়রা তাদের আটক করে মহাসড়কের দেওহাটা পুলিশ ফাঁড়ির কাছে সোপর্দ করেন। তারা হলেন জেলার বাসাইল উপজেলার মিরিকপুর গ্রামের কৈলা রাজবংশীর ছেলে রিপন রাজবংশী (২৮) ও সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কোদালিয়া গ্রামের ময়নাল হকের ছেলে মো. মোহসীন মিয়া (৩১)। তারা মানিকগঞ্জের দৌলতপুর থানায় কর্মরত।

পুলিশ জানায়, ধেরুয়া ফ্লাইওভারের দক্ষিণ পাশে একটি পিকআপকে সিগন্যাল দেন ওই দুই পুলিশ সদস্য। এ সময় চালক ও হেলপারকে গাড়ি থেকে নামিয়ে মামলার ভয় দেখিয়ে ১১ হাজার ৫৫০ টাকা ছিনিয়ে নেন। পরে চালক ও হেলপারদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে দুই পুলিশ সদস্যকে আটক করেন। এ সময় আটক পুলিশ সদস্যদের কাছ থেকে ৩০ হাজার ২১০ টাকা উদ্ধার করা হয়। মির্জাপুর থানার ওসি রেজাউল করিম বলেন, ‘তাদের দুদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত