ঈদ ঘিরে বাল্কহেড চলাচল ১১ দিন বন্ধ থাকবে

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১০:০২ এএম

নৌপথে যাত্রা নিরাপদ করতে ঈদের আগে ও পরে ১১ দিন সব ধরনের বাল্কহেড চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানিয়েছে নৌপুলিশ। এ ছাড়া এই সময়ে গুরুত্বপূর্ণ নৌঘাটগুলোতে বাড়তি নিরাপত্তা দেওয়া হবে বলেও জানানো হয়েছে। গতকাল বুধবার দুপুরে রাজধানীর পুলিশ প্লাজায় ঈদুল ফিতর উপলক্ষে নৌপথের আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

নৌপথে নিরাপদ যাত্রায় সভায় গৃহীত সিদ্ধান্তগুলো হলো লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন করা থেকে বিরত থাকা, ছোট ও ত্রুটিপূর্ণ লঞ্চে যাত্রী পরিবহনে বিরত থাকা, লঞ্চে যাত্রী সংখ্যার আনুপাতিক হারে লাইফ জ্যাকেট, বয়া প্রভৃতির ব্যবস্থা রাখা, আবহাওয়ার পূর্বাভাস জেনে নৌযান চালানো, সূর্যাস্তের পর বালুবাহী বাল্কহেড ও স্পিড বোট চলাচল বন্ধ রাখা, ঈদ পূর্ববর্তী পাঁচ দিন এবং ঈদের পরে পাঁচ দিনসহ ১১ দিন বালুবাহী বাল্কহেড চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা, চাঁদাবাজি, চুরিসহ যেকোনো হয়রানি বন্ধে বিশেষ নজরদারি বৃদ্ধি করা, নৌযান চলাচলের পথে মাছ শিকারের জন্য জাল প্রতিরোধ করা, কাগজপত্রবিহীন কোনো নৌযান না চালানো, ন্যায্যমূল্যে ভাড়া আদায়ে তদারকি, টার্মিনাল ছাড়া নদীর যেকোনো জায়গায় অন্য কোনো ছোট নৌযান থেকে যাত্রী ওঠানো বা নামানো বন্ধ নিশ্চিতকরণ, সব নৌযানে পর্যাপ্ত ফায়ার ফাইটিংয়ের ব্যবস্থা করা।

নৌপুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মোহা. আবদুল আলীম মাহমুদ বলেছেন, ঈদে নৌপথ ব্যবহারকারী ঘরমুখো মানুষের যাত্রা সহজ ও নিরাপদ করতে নৌপুলিশ আগামী ৩ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সময়ের চেয়ে মানুষের জীবনের মূল্য অনেক বেশি। কোনো নৌযান যেন প্রতিযোগিতামূলকভাবে বেশি যাত্রীবোঝাই করে বেশি স্পিড দিয়ে নৌযান না চালায়। অতিরিক্ত আইজিপি বলেন, নৌপথে যেকোনো সমস্যায় নৌপুলিশের কন্ট্রোল রুমের নম্বর-০১৩২০১৬৯৫৯৮ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে অবগত করলে নৌপুলিশ সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত