আগামী মৌসুমে লিভারপুলের সম্ভাব্য নতুন কোচ হিসেবে জাবি আলোনসোর নাম শোনা যাচ্ছিল বেশ। আলোনসো বায়ার্ন মিউনিখের দায়িত্ব নিতে পারেন, এমন খবরও সংবাদ মাধ্যমে এসেছিল। তবে সব গুঞ্জন উড়িয়ে এই স্প্যানিয়ার্ড জানালেন, পরের মৌসুমেও বায়ার লেভারকুসেনে থাকবেন।
বুন্দেসলিগায় হফেনহেইমের বিপক্ষে আগামীকাল ম্যাচ লেভারকুসেনের। তার আগে আজ শুক্রবার সংবাদ সম্মেলনে জাবি ঘোষণা দেন লেভারকুসেনে থাকার।
জাবি আলোনসো বলেন, 'আমি মনে করি, একজন তরুণ কোচ হিসেবে আমার জন্য এটাই (লেভারকুসেন) সঠিক জায়গা। আমার কথা হয়েছে লেভারকুসেন কর্তৃপক্ষের সঙ্গে এবং তাদের জানিয়ে দিয়েছি আমি এই ক্লাবেই থাকছি।'
জার্মান ক্লাবটিতে নিজের কাজ এখনো শেষ হয়নি বলছেন জাবি। এই মৌসুমে শুধু শিরোপা জয় নয়, আরও নানাভাবে ক্লাবটিকে সহায়তা করতে চান তিনি।
আলোনসোর মতে লেভারকুসেনের বোর্ড অসাধারণ। তিনি বলেন, 'বায়ারে আমার কাজ এখনো শেষ হয়নি। আমি ক্লাবকে আরও সাহায্য করতে চাই, খেলোয়াড়দের সাহায্য করতে চাই যেন তারা আরও উন্নতি করতে পারে। বোর্ড দারুণ, এখানে সব কিছুই দুর্দান্ত।'
জাবি আলোনসোর বয়স ৪২। স্প্যানিশ এই কোচ মনে করেন নিজের সেরা সিদ্ধান্তটাই নিয়েছেন তিনি। 'আমি এখনো তরুণ একজন কোচ কিন্তু আমি মনে করি ভবিষ্যত নিয়ে সেরা সিদ্ধান্তটি নিয়েছি। আমি লিভারপুল বা বায়ার্ন নিয়ে কোন কথা বলতে চাই না। এগুলো বড় দল এবং তাদের সঙ্গে আমার ভালো সম্পর্কও আছে। তবে আমি সেখানেই থাকবো যেখানে আমি চাই। এখনই ভবিষ্যত নিয়ে ভাবার সময় আসেনি। আমি বায়ার লেভারকুসেনেই আরও উন্নতি করতে চাই।'
