লক্ষ্মীপুরের কমলনগরে আকবর বদ্দার (২৮) নামে এক জেলেকে মসজিদ থেকে আটক করে নদীতে নিয়ে বেধড়ক মারধর ও নির্মম নির্যাতন করার অভিযোগ উঠেছে কোস্ট গার্ডের বিরুদ্ধে। গতকাল শুক্রবার সকালে উপজেলার চর ফলকন ইউনিয়নের মাতাব্বরহাট এলাকার স্থানীয় মসজিদ থেকে তাকে আটক করা হয়। আকবর বদ্দার মাতাব্বরহাট এলাকার মোসলেহ উদ্দিন বদ্দারের ছেলে। এ ঘটনার পর স্থানীয় জেলে এবং সাধারণ লোকজন কোস্ট গার্ডের বিরুদ্ধে মিছিল করে প্রতিবাদ জানান।
ভুক্তভোগী পরিবারের ভাষ্যমতে, গতকাল শুক্রবার দুপুরে স্থানীয় মাতাব্বরহাট বাজার থেকে কোস্ট গার্ডের লোকজন তাকে দৌড়ানি দিলে তিনি মসজিদে অবস্থান নেন। পরে মসজিদ থেকে কোস্ট গার্ড তাকে ধরে নিয়ে যায়। এরপর মেঘনার নদীর মাঝের চরে নিয়ে আকবর বদ্দারকে বেধড়ক মারধর ও নির্যাতন করা হয়। ঘণ্টা দুয়েক পরে তাকে স্থানীয় চর ফলকন ইউপির কোস্ট গার্ডের ক্যাম্পে নিয়ে সন্ধ্যা পর্যন্ত টানা আটক রেখে ‘মিথ্যা’ মামলা দিয়ে পুলিশে হস্তান্তর করে।
ভুক্তভোগীর ভাই আজগর জানান, গত ২৭ মার্চ সকালে অন্যায়ভাবে বাড়িতে ঢুকে কোস্ট গার্ডের লোকজন ঘর ভাঙচুর ও জাল পুড়িয়ে ফেলে। আজ (গতকাল) তাকে ধরে নদীর মধ্যে নিয়ে বেধড়ক মারধর ও নির্যাতন করে কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার তারেক প্রিয়।
কোস্ট গার্ডের চাঁদপুর জোনের স্টেশন কমান্ডার ফজলু দেশ রূপান্তরকে জানান, নদীতে টানা দু’মাস অভিযান চলছে। আটক ব্যক্তির বিরুদ্ধে নদীতে মাছ ধরার অভিযোগ রয়েছে। তাকে অভিযান পরিচালনা করে ধরা হয়েছে। কমলনগর থানার ওসি তহিদুল ইসলাম জানান, কোস্ট গার্ডের সঙ্গে কথা হয়েছে, তারা আটক জেলের বিরুদ্ধে মামলা দিয়েছে। আটক ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিতে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েছে কোস্ট গার্ড।
