রাস্তা মেরামতে কালক্ষেপণ করায় সড়ক অবরোধ

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৪:১৯ এএম

নীলফামারীর ডোমারে সড়কের সংস্কার কাজ শেষ না করে মালামাল অন্যত্র সরিয়ে নিচ্ছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। গতকাল শুক্রবার এলাকাবাসী মালামাল আটক করে সড়ক অবরোধ করে। উপজেলার ডোমার-বসুনিয়ারহাট সড়কে এ ঘটনা ঘটে।

এলাকাবাসীর অভিযোগ, ওই সড়কটির সংস্কার কাজ শুরু হয় প্রায় দুই বছর আগে। ঠিকাদারি প্রতিষ্ঠান ওই কাজের জন্য সড়কটি ভেঙে ফেলে রেখেছে দীর্ঘদিন ধরে। এতে করে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকার মানুষ।

ওই এলাকার খাটুরিয়া মেম্বারপাড়ার নূর আলম (৩৫) দেশ রূপান্তরকে জানান, কাজ শুরুর সময় জাল্লির মোড় এলাকায় সড়কের পাশে একটি স্থানে খোয়া, বালি এবং মাটি স্তূপ করে রাখে ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর সড়কটি ভেঙে রাখার দুই বছর হলেও কোনো অগ্রগতি নেই। শুক্রবার সকালে ঠিকাদারের লোকজন ট্রাকে করে ওই স্থান থেকে খোয়া সরিয়ে অন্যত্র নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে বিক্ষুব্ধ লোকজন তাতে বাধা দিয়ে সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন। এ সময়ে একাধিকার বিভিন্নজন চেষ্টা চালিয়ে তাদের নিবৃত্ত করতে ব্যর্থ হন।

একই গ্রামের নূর হোসেন (৪৫) বলেন, ‘সড়ক মেরামত কাজে ব্যবহারের জন্য আমার জমিতে খোয়া, বালি, মাটিসহ অন্যান্য মালামাল রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। চার মাস ধরে কোনো ভাড়া দিচ্ছে না। শুক্রবার সকালে এসব মালামাল সরিয়ে নিতে গেলে এলাকাবাসী বাধা দেন।’

সেনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী বলেন, ‘বসুনিয়ার হাট এলাকা একটি গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্র। দূর দূরান্ত থেকে যানবাহন নিয়ে এখানে মানুষ আসে। সড়কটি মেরামতের নামে ভেঙে দীর্ঘদিন ধরে ফেলে রাখায় সমস্যা হচ্ছে। বিষয়টি আমি ইউএনওকে জানিয়েছি।’  এ বিষয়ে কথা বলার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান ঝিনাইদহের ইউনিক কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের  মোবাইল নম্বরে ফোন করা হলে ওহিদ জামান নামে এক ব্যক্তি ফোনটি ধরেন। তিনি দেশ রূপান্তরকে বলেন, আমি ঠিকাদারের জামাই। আমি তো এ বিষয়ে বলতে পারছি না।

ডোমার উপজেলা প্রকৌশলী ফিরোজ আলম বলেন, ‘সম্প্রতি এ কর্মস্থলে এসেছি। ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করতে পারিনি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত