গরু চোর সন্দেহে মামা ভাগ্নেকে পিটিয়ে হত্যা

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৪:৫৯ এএম

গাজীপুরের কাপাসিয়ায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রামের মতিনের মোড় ও একই ইউনিয়নের বড়িবাড়ি চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ময়মনসিংহ গফরগাঁও উপজেলার পাগলা থানার চাকুয়া গ্রামের নাসির (২৫) ও একই থানার পাঁছাহার এলাকার হৃদয় (২২)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ২টার দিকে সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রামে মোসলেম উদ্দিনের বাড়ি ও মোস্তফার বাড়ির মাঝখানের পুকুরের পাড় দিয়ে পাঁচ-ছয়জন লোক গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করছিল। এ সময় ঝোপের আড়ালে থাকা স্থানীয় পাহারাদারদের একটি দল তাদের ধাওয়া করে ডাক-চিৎকার দিলে এলাকাবাসী এসে একজনকে আটক করে। এ সময় জনতা গণপিটুনি দিয়ে কয়েক দফা জিজ্ঞাসাবাদ ও ব্যাপক মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই সময় কিছু এলাকাবাসী অন্য একজনকে ধাওয়া করলে পার্শ্ববর্তী বড়িবাড়ি চৌরাস্তা মোড়ের একটি ধানক্ষেতে সে লুকিয়ে পড়ে। পরে জনতা তাকে ধানক্ষেত থেকে খুঁজে বের করে পিটুনি দেয়। তাকেও কয়েক দফা জিজ্ঞাসাবাদ ও মারধর করলে ঘটনাস্থলেই তারও মৃত্যু হয়।

সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার পারভেজ জানান, সম্প্রতি ওই এলাকায় ব্যাপকহারে গরু চুরি বেড়ে যাওয়ায় গ্রামবাসী নিজ নিজ মহল্লায় পাহারা বসিয়েছিল। বৃহস্পতিবার রাতে একজন কৃষকের গরু চুরি করতে কয়েকজন চোর আসেন। গ্রামবাসী গরু চুরির বিষয়টি টের পেয়ে একজোট হয়ে দুজনকে গণপিটুনি দেয়। এতে নামিলা গ্রামে একজন ও পার্শ্ববর্তী বড়িবাড়ি গ্রামের ধানক্ষেতে আরেকজন নিহত হয়।

কাপাসিয়া থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, গণপিটুনিতে নিহত একজনকে নামিলা ও অন্যজনকে বড়িবাড়ি থেকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য তাদের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাদের স্বজনরা লাশ শনাক্ত করে। এ ঘটনায় ওই এলাকার গ্রাম পুলিশ মো. জালালউদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে কাপাসিয়া থানায় একটি হত্যা মামলা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত