বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আমরা আওয়ামী লীগের মতো লগি-বৈঠার রাজনীতি করি না। আমরা দেশের গণতন্ত্র, ভোটের অধিকার ও সুশাসন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।
গতকাল শুক্রবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়নের বণিক্যপাড়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ড. মঈন খান বলেন, ‘আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপির আদর্শের রাজনীতি করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা দেশের মানুষের জন্য রাজনীতি করি।’
জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মহিউদ্দিন আহমেদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী সাইয়েদুল আলম বাবুল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, কেন্দ্রীয় বিএনপির সদস্য আ ক ম মোজাম্মেল হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম ইরাদত মানু, মো. শাহজাহান খান, আলী আজগর রিপন মল্লিক, শহীদুল ইসলাম শহীদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপন, জেলা যুবদলের সদস্য সচিব মু. মাসুদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি মো. হাশেম, সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন প্রমুখ।
