দিনের শুরুটা হয়েছিল হাসান মাহমুদের হতাশা দিয়ে। মাহমুদুল হাসান জয় ফেলে দেন নিশান মাদুশকার ক্যাচ। নাহলে ষষ্ঠ ওভারেই টেস্টের অভিষেক উইকেট হয়ে যেত হাসান মাহমুদের। সুযোগ এসেছিল ২২ ওভারেও। কিন্তু তখন আবার ক্যাচ ফেলে দেন সাকিব আল হাসান। এক হাসানের হতাশা বাজে ফিল্ডিংয়ে বাড়ান বাকি দুই হাসান। তাতে প্রথম দিন শেষে ৯০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩১৪ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা।
প্রথম সেশনটা গেছে উইকেট শূন্যতায়। সুযোগ তৈরি হলেও ফিল্ডিারদের ব্যর্থতায় তা পূরণ হয়নি। তবে দ্বিতীয় সেশন আর তৃতীয় সেশনে কী মিল! দ্বিতীয় সেশনের মতো দিনের শেষ সেশনেও শ্রীলঙ্কার দুটি উইকেট নিয়েছে বাংলাদেশ দল। উইকেট দুটি নিয়েছেন সাকিব আল হাসান ও হাসান মাহমুদ। সাকিব আর হাসান বাংলাদেশকে তৃতীয় সেশনে ব্রেক থ্রু এনে দিলেও দিনটি আসলে শ্রীলঙ্কারই।
প্রথম সেশন উইকেটশূন্য থাকার পর দ্বিতীয় সেশন শুরুর পর দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পেল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের বল কাভারে খেলেছিলেন করুনারত্নে। অন্য প্রান্তের ব্যাটসম্যান নিশান মাদুশকা ২ রান নিতে ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। করুনারত্নে তাকে ফেরত পাঠান। কিন্তু মাদুশকা ক্রিজে ফেরার আগেই সীমানা থেকে হাসানের দুর্দান্ত থ্রো পান উইকেটকিপার লিটন দাস। রান আউট করে দেন মাদুস্কাকে। ৫৭ রানে আউট হন মাদুশকা।
তৃতীয় সেশনে শ্রীলঙ্কা ২ উইকেট হারিয়ে তুলেছে ১০০ রান। দুই অপরাজিত ব্যাটসম্যান দিনেশ চান্ডিমাল (৩৪*) ও ধনাঞ্জয়া ডি সিলভা (১৫*)। দ্বিতীয় সেশনে সাকিব নিয়েছেন টেস্ট ক্যারিয়ারে দশম সেঞ্চুরির প্রায় কাছে চলে যাওয়া কুশল মেন্ডিসের উইকেট।
প্রথম স্লিপে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে ১৫০ বলে ১১ চার ও ১ ছয়ে ৯৩ রান করেছেন লঙ্কান উইকেটকিপার। হাসানের শিকার হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ৭১ বলে ২৩ রান করে তিনিও স্লিপে ক্যাচ দিয়েছেন মিরাজকে।
