দেশের বিভিন্ন জেলায় পাঁচজন খুন হয়েছেন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক কৃষক ও সরাইলে এক যুবক, ময়মনসিংহে ছেলের হাতে বাবা, নাটোরে স্কুলশিক্ষক এবং গাইবান্ধায় এক স্কুলছাত্র খুন হয়েছে। গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার বিকেলের মধ্যে পৃথক ঘটনায় এসব খুনের ঘটনা ঘটে। এ ছাড়া গতকাল দুপুরে কুড়িগ্রামে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সেচের পাওনা ১ হাজার টাকাকে কেন্দ্র করে কৃষক মুছা মিয়াকে (৪০) ছুরিকাঘাতে খুন করার অভিযোগ উঠেছে। মুছা মিয়া উপজেলার কুটি ইউনিয়নের দক্ষিণখার গ্রামের মৃত জজু মিয়ার ছেলে।
জানা গেছে, মুছা মিয়া একই গ্রামের সেচপাম্প মালিক রুহুল আমিনের (২৫) দেড় একর জমি বন্ধক নেন। ওই জামিতে সেচের পাওনা ১ হাজার টাকা নিয়ে বাগ্বিত-ার একপর্যায়ে গতকাল সকালে জমিতেই রহুল আমিন মুছা মিয়ার পেটে ছুরি মেরে পালিয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে টাকা লেনদেনকে কেন্দ্র করে ছুরিকাঘাতে লাল খাঁ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার বড্ডাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লাল খাঁ সদর উপজেলার খাঁটিহাতা গ্রামের আবুল কালামের ছেলে। এ ঘটনায় জসীম উদ্দিন ও আলামিন নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ময়মনসিংহ : ময়মনসিংহে মাদক সেবনের টাকা না পেয়ে বাবা জুলহাস উদ্দিনকে (৪৫) প্যান্টের বেল্ট দিয়ে পিটিয়ে হত্যা করেছেন ছেলে মো. ফয়সাল (২৬)। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চর কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ফয়সাল তার মায়ের কাছে ১০ হাজার টাকা দাবি করলে বাবা জুলহাস টাকা দিতে নিষেধ করেন। এতে ছেলে ক্ষিপ্ত হয়ে বেল্ট খুলে বাবার ঘাড়ে পেটাতে থাকলে ঘটনাস্থলেই মারা যান জুলহাস উদ্দিন।
নাটোর : নাটোরের নলডাঙ্গায় জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের কোদালের আঘাতে স্কুলশিক্ষক জিল্লুর রহমান (৪৮) নিহত হন। গতকাল সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জিল্লুর উপজেলার চাঁদপুর গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে। তিনি আত্রাই উপজেলার থল ওলমা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
জিল্লুর রহমানের সঙ্গে চাচাতো ভাই আবেদ আলী, হামেদ ও সামাদের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার দুপুরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে চাচাতো ভাইয়েরা জিল্লুরের মাথায় কোদাল দিয়ে আঘাত করেন।
গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বগুলাগাড়ী (নামাপাড়া) গ্রামে করতোয়া নদীর তীরবর্তী ভুট্টাক্ষেত থেকে গতকাল দুপুরে জিৎ বাদ্যকর নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জিৎ ওই গ্রামের রঞ্জিত বাদ্যকরের ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
কুড়িগ্রাম : কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদী থেকে অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরের দিকে উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা মাঝিপাড়া গ্রামে নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
