বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ১৫ শতাংশ হারে আয়কর প্রদান সংক্রান্ত রিট আপিলের নিষ্পত্তির আগেই বিশ্ববিদ্যালয়গুলোর স্থগিত করা ব্যাংক অ্যাকাউন্ট ফের চালুর নির্দেশনা দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)। গতকাল রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অনুরোধ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘আদালতের পূর্ণাঙ্গ রায় প্রকাশ এবং সে অনুযায়ী আয়কর প্রদান সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কোনো ধরনের সুযোগ না দিয়ে রোজা চলাকালে মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের আগে বিশ্ববিদ্যালয়গুলোর ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করা একটি অমানবিক পদক্ষেপ হিসেবে প্রতীয়মান হয়। কেননা, এর ফলে বিশ্ববিদ্যালয়ের বিশাল সংখ্যক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী পরিবারের বেতন, বোনাস এবং অন্যান্য প্রদেয় বিল পরিশোধ করা সম্ভব হবে না।’
দেশের প্রচলিত আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলো সব কার্যক্রম পরিচালনার বিষয়ে সর্বদা সচেষ্ট দাবি করে বিবৃতিতে আরও বলা হয়, ‘সরকার কর্র্তৃক প্রণীত বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন এবং আয়কর আইন অনুযায়ী আয়কর প্রদান সংক্রান্ত বিষয়ে আদালতের পূর্ণাঙ্গ দিকনির্দেশনা প্রকাশের আগে জাতীয় রাজস্ব বোর্ড কর্র্তৃক বিশ্ববিদ্যালয়গুলোর ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করায় বেসরকারি বিশ্ববিদ্যালয় খাতে চরম উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।’
আইনগত জটিলতা নিরসনের আগে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কর আদায় না করা এবং ঈদের আগে বিশ্ববিদ্যালয়গুলোর ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করার মতো চূড়ান্ত পদক্ষেপ প্রত্যাহারের অনুরোধ করেছে এপিইউবি। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ১৫ শতাংশ কর দিতে হবে বলে রায় দিয়েছে আপিল বিভাগ।
