টি-টোয়েন্টি বিশ্বকাপ কড়া নাড়ছে দরজায়। ২ জুন থেকে শুরু মার্কিন যুক্তরাষ্ট্র ও উইন্ডিজের আসরটির জন্য কোনো দল চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি। তবে প্রস্তুতি সেরে রাখতে হচ্ছে এখন থেকেই। টুর্নামেন্টের আগে যুক্তরাষ্ট্রে তিন ম্যাচের একটি সিরিজও খেলবেন নাজমুল হোসেন শান্তরা। শেষবেলায় ভিসা নিয়ে জটিলতায় পড়তে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর তাই সেরে রাখছেন ক্রিকেটারদের ভিসা প্রক্রিয়া।
নির্বাচকদের ভাবনায় থাকা ২৩ ক্রিকেটার এবং টিম ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট ১২ জনের ভিসা আবেদন করা হয়েছে গতকাল।
ভিসার জন্য আবেদন করেছেন- নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী, আফিফ হোসেন ধ্রুব, জাকির হাসান, নাঈম শেখ, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারী, তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব, তাইজুল ইসলাম, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, রিশাদ হোসেন ও আলিস আল ইসলাম।
এ ছাড়া আগে থেকে কয়েকজন ক্রিকেটারের ভিসা থাকায় যেতে হয়নি দূতাবাসে। তারা হলেন- সাকিব আল হাসান, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান ও এনামুল হক বিজয়।
