পিএসজিকে ফাইনালে তুললেন এমবাপ্পে

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০২:৫৫ এএম

মৌসুমে চার শিরোপা জিতলে যদি এমবাপ্পে থেকে যান পিএসজিতে। কিছুদিন আগে এমনটি আশা করেছিলেন পিএসজির কোচ লুইস এনরিকে। তার সেই আশা পূরণে একধাপ এগিয়ে যেতে সহায়তা করলেন এমবাপ্পে নিজেই। ফ্রেঞ্চ কাপের সেমিফাইনাল ম্যাচে রেঁনের বিপক্ষে ৩৭ মিনিটে এমবাপ্পে পেনাল্টি মিস করেন। ভুলটা শুধরে নিতে অবশ্য দেরি করেননি। পেনাল্টি মিসের তিন মিনিট পরই গোল করেন। শেষ পর্যন্ত ওই গোলেই (১-০) ফ্রেঞ্চ কাপের ফাইনালে উঠেছে পিএসজি।

১২ মিনিটে উসমান দেম্বেলের থ্রু পাস থেকে গোলের সুযোগ পেয়েছিলেন পিএসজি ফরোয়ার্ড। কিন্তু তার শট রুখে দেন রেঁনে গোলকিপার স্টিভ মান্দান্দা। ৩৭ মিনিটে নিজেদের বক্সে এমবাপ্পেকে ফাউল করে পেনাল্টি হজম করেন রেঁনে সেন্টারব্যাক ওয়ার্মড ওমারি। কিন্তু পেনাল্টি থেকে এমবাপ্পের শট রুখে দেন রেঁনের ফরাসি গোলকিপার। চলতি মৌসুমে এ নিয়ে তৃতীয়বার পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন এমবাপ্পে। তিন মিনিট পর ফাবিয়েন রুইজের পাস থেকে শটে গোল করেন এমবাপ্পে।

ফাইনালে ওঠার পর পিএসজি কোচ এনরিকে বলেন, ‘ভালো লাগছে। এ মৌসুমে ফ্রেঞ্চ কাপ আমাদের অন্যতম লক্ষ্য ছিল। ফাইনালটা জিততে পারলে সেটি সবার জন্যই সন্তুষ্টির হবে।’

২৫ এপ্রিল ফ্রেঞ্চ কাপের ফাইনালে পিএসজির প্রতিপক্ষ লিঁও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত