দুপুরে ম্যাচে বাংলাদেশ পুলিশকে ৭-০ গোলে হারিয়ে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগের শীর্ষে উঠেছিল আবাহনী। তবে শুক্রবার পরের ম্যাচেই অ্যাজাক্সকে ৯-২ গোলে হারিয়ে শীর্ষে ফিরে গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই দুই ম্যাচের মধ্য দিয়ে মাঠ গড়িয়েছে ছয় দলের সুপার লিগ।
১১ ম্যাচে ৯ জয় ও দুই ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে মোহামেডান আছে সবার উপরে। দুইয়ে থাকা আবাহনীও পেয়েছে অস্টম জয়। তবে তাদের নামের পাশে এক হার থাকায় তাদের সংগ্রহ ২৮ পয়েন্ট। অন্যদিকে পুলিশ ও অ্যাজাক্সকে তাদের আগের সংগ্রহ (১৭ ও ১৪) নিয়ে থাকতে হচ্ছে যথাক্রমে পাঁচ ও ছয়ে।
দ্বিতীয় ম্যাচে মোহামেডানের হয়ে হ্যাটট্রিক করেন মালয়েশিয়ান ফাইজাল বিন সারি। এছাড়া একটি করে গোল করেছেন ফিতরি বিন সারি, দ্বীন ইসলাম ইমন, ফায়েজ হেলমি বিন জালি, শহীদুল হক, মেহেদী হাসান অভি ও রাসেল মাহমুদ জিমির। অ্যাজাক্সের হয়ে দুটি গোল করেন শিমুল খান ও ভারতীয় শিলহেইবা লিশাম।
