রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মেট্রোরেলের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সিনো হাইড্রো কোম্পানির’ ওয়ার্কশপে ডাকাতির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত বুধবার রূপনগর থানায় একটি মামলা করা হয়েছে। তবে গতকাল শুক্রবার পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার বা শনাক্তের কথা জানাতে পারেনি পুলিশ।
গতকাল সন্ধ্যায় রূপনগর থানার ওসি মোহাম্মদ আব্দুল মজিদ দেশ রূপান্তরকে বলেন, আমরা এ ঘটনায় হওয়া মামলাটির তদন্ত করছি। তদন্তের স্বার্থে এখনি আমাদের কাজের অগ্রগতির কথা জানাতে পারছি না। খুব শিগগিরই এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের খবর জানাতে পারব।
ওসি জানান, প্রতিষ্ঠানটির সাইট ইঞ্জিনিয়ার মো. মাসুদকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে মামলা করেন মিস্ত্রি মো. মনজু মিয়া।
মামলাটির এজাহারে বলা হয়েছে, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আট থেকে ১০ জন ডাকাত ছুরি, চাপাতি, দেশি অস্ত্রসহ ওয়ার্কশপে ঢুকে পড়ে। তারা গেটের নিরাপত্তার দায়িত্বে থাকা চান মোহনকে হাত-পা বেঁধে সবাইকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে ফেলে। এ সময় সবার কাছে থাকা আনুমানিক ১ লাখ ১০ হাজার টাকা নিয়ে নেয়। ডাকাতরা সবাই বরিশাল এবং ঢাকার আঞ্চলিক ভাষায় কথা বলে।
এজাহার সূত্রে জানা গেছে, ডাকাতি হওয়া মালপত্রের মধ্যে রয়েছে ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ১৮টি ছোট-বড় বিভিন্ন ধরনের ব্যাটারি, ৪ লাখ টাকার বিভিন্ন ধরনের গাড়ির ও ইঞ্জিনের যন্ত্রাংশ, প্রায় ১২ লাখ টাকা মূল্যের দুই ধরনের কপার স্ট্যান্ডার্ড ওয়াব ৫০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৫৯২ পিস মিডিল ক্লাম (সাইজ ৬০ মিমি), ১ লাখ ৪৬ হাজার টাকার ৫ হাজার ৭৬০টি ইনডক্লাম, ৪ হাজার ৩৯৮ টাকার ১ হাজার ৬১৬ পিস বোল্ট, ২০ হাজার টাকা মূল্যের একটি ব্যাটারি চার্জার, ৩৫ হাজার টাকার ওয়েল্ডিং মেশিন এবং কর্মচারীদের কাছে থাকা নগদ ১ লাখ ১০ হাজার টাকা। সব মিলিয়ে প্রায় ২১ লাখ ৫২ হাজার টাকার মালপত্র নিয়ে গেছে ডাকাতরা।
