মাগুরা শহরের হাজী আব্দুল হামিদ সড়কের ‘লাইফ কেয়ার’ নামের একটি প্রাইভেট ক্লিনিকে ভুল অস্ত্রোপচারে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত শায়লা রহমান সেতু (২১) মাগুরা শহরের তাঁতীপাড়া এলাকার মিজানুর রহমান ফিরোজের মেয়ে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আইন বিভাগের সাবেক ছাত্রী।
নিহত শায়লা রহমানের বাবা মিজানুর রহমান অভিযোগ করেন, শায়লাকে তিনি গত বৃহস্পতিবার রাতে লাইফ কেয়ার ক্লিনিকে ভর্তি করেন। ওই রাতেই ডা. জাফরিন আক্তারের হাতে অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি ছেলে সন্তানের জন্ম হয়। কিন্তু সন্তান জন্মের পর থেকেই শায়লা রহমানের শরীরে নানা জটিলতা দেখা দেয়। একপর্যায়ে ডা. জাফরিন তার স্বামী মাগুরা সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. শফিউর রহমানকে জানালে তিনি রোগীকে সদর হাসপাতালে অপারেশন থিয়েটারে নিয়ে শুক্রবার কয়েক দফা অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের সময় থেকে পরবর্তী সময়ে শায়লার অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে ৯ ব্যাগ রক্ত দিতে হয়। একপর্যায়ে শরীরের অক্সিজেন সংকট দেখা দিলে ডা. শফিউর তাকে দ্রুত ঢাকার পপুলার হাসপাতালে ভ্যান্টিলেশনে নেওয়ার পরামর্শ দেন। সে অনুযায়ী শায়লাকে ঢাকার ধানম-ি পপুলার হাসপাতালে ভর্তি করা হলে সেখানে শুক্রবার রাতেই তার মৃত্যু হয়। ভুল অস্ত্রোপচারের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে শায়লা রহমানে মৃত্যু হয়েছে বলে দাবি শায়লার বাবা মিজানুর রহমানের।
এ বিষয়ে ডা. শফিউর রহমানের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বর্তমানে গাড়িতে রয়েছেন জানিয়ে সন্ধ্যার পরে যোগাযোগ করতে বলেন।
