পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরে ভয়াবহ অগ্নিকা-ে অন্তত ২৩টি মাছের আড়ত পুড়ে ছাই হয়ে গেছে। গত শুক্রবার রাত ৮টার দিকে এই অগ্নিকান্ডের সূত্রপাত। খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মহিপুর মৎস্য আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা বলেন, ‘আগুনে আড়ত মালিকদের প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে।’
গতকাল শনিবার বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ অর্থসহায়তা প্রদান করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবউল ইসলাম ও কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার।
