বার্সা পরীক্ষার আগে পিএসজির ত্রাতা বদলি নামা এমবাপ্পে

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০২:০২ পিএম

আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সেলোনার মুখোমুখি হবে পিএসজি। সেই ম্যাচের আগে পিএসজি নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল ফ্রেঞ্চ লিগে ক্লেরমোর বিপক্ষে ম্যাচে।

এই ম্যাচেও যথারীতি কিলিয়ান এমবাপ্পেকে বেঞ্চে রেখেই একাদশ সাজান কোচ লুইস এনরিকে।

ম্যাচে ১৭ বছর বয়সী দুই ফুটবলার ইয়ুরাম জাগুয়ে এবং সেনি মায়ুলুকে একাদশে সুযোগ দেন পিএসজির স্প্যানিশ কোচ। পিএসজির গোলবার সামলেছেন দলের তৃতীয় গোলকিপার আরনাউ তেনাস।

চ্যাম্পিয়নস লিগ ম্যাচ সামনে তাই, বেশ কিছু খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে একাদশে অন্যদের সুযোগ দেন এনরিকে।

তবে এমন পরীক্ষানিরীক্ষার রাতে কোনোরকমে হার এড়ায় পিএসজি। ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচ।

এই ড্রয়েও অবদান ৬৭ মিনিটে বদলি নামা এমবাপ্পের। তার অ্যাসিস্টে ম্যাচের ৮৫ মিনিটে সমতাসূচক গোলটি করেন গনসালো রামোস। এর আগে ম্যাচের ৩২ মিনিটে ক্লেরমোকে এগিয়ে দেন হাবিব কেইটা।

এমবাপ্পে শেষ ৮ লিগ ম্যাচের মাত্র একটিতেই পুরো ৯০ মিনিট খেলার সুযোগ পান। এমবাপ্পেকে ছাড়া খেলতে দলকে অভ্যস্ত করতেই এমনটি করা হয় জানিয়েছেন এনরিকে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত