তিন বছর আগে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা মিয়ানমারের জান্তা বাহিনী দিন দিন দুর্বল হয়ে পড়ছে। দেশটিতে শান্তি ফেরাতে তাদের সঙ্গে আলোচনা শুরু করার এটাই ভালো সময় বলে মনে করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী স্রেথা বলেন, বর্তমান শাসকরা কিছু কিছু ক্ষেত্রে তাদের শক্তি হারাতে শুরু করেছে।
তিনি বলেন, তবে তারা শক্তি হারাতে শুরু করলেও এখনো ক্ষমতা তাদের হাতেই এবং তাদের কাছে অস্ত্র আছে। খুব সম্ভবত এটাই আলোচনা শুরু করার এবং একটি চুক্তিতে উপনীত হওয়ার সঠিক সময়।
গত বছরের আগস্টে স্রেথা থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি করেছেন। যার মধ্যে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে আলোচনার পথ প্রশস্ত করার লক্ষ্যে একটি মানবিক উদ্যোগের অধীনে মিয়ানমারে সহায়তা প্রদান করাও অন্তর্ভুক্ত।