বুয়েটে ইমতিয়াজের সিট বাতিলের সিদ্ধান্ত স্থগিত

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০২:১৬ এএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেন রাহিমের আবাসিক হলের সিট বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছে উচ্চ আদালত। এ সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কেএম জাহিদ সারওয়ারের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। হাইকোর্টের এ সিদ্ধান্তের ফলে ইমতিয়াজ রাহিমের হলে থাকতে কোনো বাধা নেই বলে জানান তার আইনজীবীরা।

আদালতে তার পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘কোনো যৌক্তিক কারণ ছাড়াই তার (ইমতিয়াজ) সিট বাতিলের সিদ্ধান্ত হয়। এমনকি কোনো নোটিসও তাকে দেওয়া হয়নি। আমরা আদালতকে আশ্বস্ত করেছি যে, তিনি হলে উঠলে অনাকাক্সিক্ষত পরিস্থিতি হবে না। আদালত তার সিট বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন। এখন তার হলে উঠতে কোনো বাধা নেই।’

গত ২৭ মার্চ মধ্যরাতে ছাত্রলীগের কিছু নেতাকর্মী বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করে  রাজনৈতিক কার্যক্রম চালিয়েছেন এমন অভিযোগ করে আন্দোলনসহ অ্যাকাডেমিক কার্যক্রম বর্জন করেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ ছিল, ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকান্ডের মূল সংগঠক হিসেবে কাজ করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইমতিয়াজ হোসেন রাহিম। শিক্ষার্থীদের দাবির মুখে ইমতিয়াজের সিট (আসন) বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এক রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গত ১ এপ্রিল বুয়েটে সব রাজনৈতিক সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে সাড়ে চার বছর আগে দেওয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দেয় হাইকোর্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত