চট্টগ্রামে চিকিৎসককে মারধর, গ্রেপ্তার ৬

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ০৩:২৪ পিএম

চট্টগ্রাম নগরের বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যুর ঘটনায় রিয়াজ উদ্দিন শিবলু নামে এক চিকিৎসককে বেধড়ক মারধর করার মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে, গত রবিবার (১৪ এপ্রিল) সকালে জিইসি মোড় এলাকায় মেডিকেল সেন্টার নামে একটি হাসপাতালে এ ঘটনা ঘটে। 

পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা জানান, বেসরকারি মেডিকেল সেন্টারের এক চিকিৎসককে মারধরের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় মামলা করেছে। পরে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গুরুতর আহত ওই চিকিৎসককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তিনি মেডিকেল সেন্টার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) দায়িত্ব পালন করছিলেন।

জানা গেছে, শনিবার (১৩ এপ্রিল) রাত ১০টায় ব্রঙ্কোনিউমোনিয়া জটিলতা নিয়ে এক শিশু ভর্তি হয় মেডিকেল সেন্টারের এনআইসিইউতে। গত রবিবার সকাল সাড়ে ৯টায় শিশুটি মারা যায়। এরপরই চিকিৎসক রিয়াজের ওপর হামলা চালায় শিশুটির বাবাসহ তার স্বজনরা।

চট্টগ্রাম মেডিকেল সেন্টারের ম্যানেজার ইয়াসিন আরাফাত সাংবদিকদের জানান, চিকিৎসাধীন এক শিশু মারা গেলে মেডিকেল সেন্টারের দায়িত্বরত এক চিকিৎসকের ওপর হামলা চালায় শিশুটির স্বজনরা। গুরুতর আহত ওই চিকিৎসককে চমেক হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত