বড় ভাইয়ের কুড়ালের কোপে ছোট ভাইয়ের মৃত্যু

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৯:৩৪ পিএম

দিনাজপুর শহরে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের কুড়ালের আঘাতে রাসেল রেজা বাবু নামে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) বিকেল পাঁচটায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকালে বড় ভাই মাসুদ রানা, ভাবি রিনা বেগম ও ভাতিজা ফারহান আলী মিলে বাবুর ওপর হামলা করে। 

নিহত রাসেল রেজা বাবু দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা এলাকার বাসিন্দা। মারধরের পর থেকে বড় ভাই, ভাবি ও ভাতিজা পলাতক রয়েছেন। 

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাড়ি ভিটাসহ জায়গা-জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হলে বড় ভাই, ভাবি ও ভাতিজা কুড়াল দিয়ে বাবুর মাথায় আঘাত করেন। পরে স্থানীয়রা বাবুকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে বিকেলে বাবু চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত