ওয়েম্বলিতে ট্রফি জয়ের স্বপ্ন এমবাপ্পের

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১২:৫৯ এএম

সর্বশেষ বার্সেলোনায় খেলতে গিয়ে হ্যাটট্রিক করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। এবারও তার কাছ থেকে তেমন কিছু দেখার অপেক্ষায় ছিল পিএসজির সমর্থকরা।

ভক্তদের অবশ্য শেষ পর্যন্ত নিরাশ করেননি এমবাপ্পে। দলের প্রয়োজনে ঠিকই জ্বলে উঠলেন বিশ্বকাপজয়ী এ তারকা। হ্যাটট্রিক না পেলেও পিএসজির প্রত্যাবর্তনের রাতে জোড়া গোল করেছেন এমবাপ্পে। আর দুই লেগ মিলিয়ে পিএসজি পেয়েছে ৬-৪ গোলের দারুণ এক জয়। এ জয়ের পর নিজের উচ্ছ্বাস আড়াল করেননি এমবাপ্পে। পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল জেতার স্বপ্নের কথাও বলেছেন তিনি।

‘আমি প্যারিসের জন্য চ্যাম্পিয়নস লিগ জেতার স্বপ্ন দেখি। প্রথম দিন থেকেই আমি ক্লাবের হয়ে খেলতে পেরে গর্বিত। এই ক্লাবের হয়ে খেলার গর্ব এবং দেশের রাজধানীর ক্লাবকে প্রতিনিধিত্ব করার বিষয়টি আমার মতো এই এখানে বেড়ে ওঠা কারও জন্য বিশেষ কিছু।’

এ মৌসুম শেষে এমবাপ্পের পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়ার জোর গুঞ্জন আছে। তবে ইউরোপিয়ান মঞ্চ থেকে শেষ পর্যন্ত খালি হাতে বিদায় নেওয়াটা এমবাপ্পের জন্য বেশ হতাশারই হবে। পিএসজি অধ্যায়টা এভাবে শেষ করতে চান না এমবাপ্পে নিজেও। তাই সেমিফাইনাল নিশ্চিত করেই এমবাপ্পে চোখ রাখছেন ওয়েম্বলির ফাইনালে, ‘একজন প্যারিসিয়ান হিসেবে এমন একটি মুহূর্তের অভিজ্ঞতা লাভ করাটা দারুণ ব্যাপার। ওয়েম্বলির ফাইনালে পৌঁছানোর আগে আমাদের আরও একটি ধাপ পার করতে হবে। তাই আমাদের শান্ত থাকতে হবে।’

বার্সার মতো দলকে হারানোর কারণেও যেন এমবাপ্পের আনন্দের মাত্রা সীমা ছাড়িয়েছে, ‘আজ আমরা অসাধারণ একটি দলকে হারিয়েছি। আজ আমরা যদি হেরেও যেতাম, তবু আমি প্যারিসিয়ান হিসেবে গর্বিত হতাম। তবে এখন এটা নিশ্চিত যে এমন একটি সন্ধ্যার কারণে গর্বের মাত্রাটা আরও বেড়ে যায়। আমরা খুবই খুশি। আমরা এমন একটা দলকে হারিয়েছি, যাদের আমরা হারাতে চেয়েছি এবং ফাইনালের আরও কাছে যেতে চেয়েছি। এই জয় তাদের জন্য, যারা এখানে এসে এবং ঘরে বসে আমাদের সমর্থন দিয়েছে। এটা গর্বিত হওয়ার মতোই রাত।

‘প্যারিসের হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন আছে আমার। পিএসজিতে আসতে পেরে প্রথম দিন থেকেই দারুণ গর্বিত আমি। সময় ভালো যাক বা খারাপ, আমার সেই গর্বে চোট লাগে না। এই ক্লাবের হয় খেলার যে গর্ব, আমার দেশের রাজধানীর ক্লাবকে প্রতিনিধিত্ব করতে পারা, এখানে বেড়ে ওঠা একজন হিসেবে আমার জন্য এটা স্পেশাল ব্যাপার।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত