জাতীয় সংসদ ভবন এলাকায় ড্রোন উড়িয়ে আটক হওয়ার পর মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন সাবেক সংসদ সদস্য এইচএম গোলাম রেজার ছেলে হোসেন মোহাম্মদ মায়াজ (২৮)। গত সোমবার ড্রোন দিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে বাংলা নববর্ষ উপলক্ষে আঁকা আলপনার ছবি ও ভিডিওচিত্র ধারণের সময় তাকে আটক করেছিল শেরে বাংলা নগর থানা-পুলিশ।
এ বিষয়ে হোসেন মোহাম্মদ মায়াজ বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে আঁকা আলপনার ভিডিওগ্রাফি ও ছবি তোলার জন্য তিনি পূর্ব অনুমতি ছাড়া ব্যক্তিগত ড্রোন ব্যবহার করেন। এটি তার অনিচ্ছাকৃত ভুল এবং এই ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে আর কখনো করবেন না বলেও অঙ্গীকার করেছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের এডিসি মো. রওশানুল হক সৈকত বলেন, ‘নিরাপত্তার জন্য পৃথিবীর সবদেশেই স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ এলাকায় ড্রোন ওড়ানোর ক্ষেত্রে কঠোর বিধি-নিষেধ আছে। আমাদের দেশেও স্পর্শকাতর এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ। এটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও ব্যক্তিদের নিরাপত্তার জন্য জরুরি। দেশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ড্রোন ওড়ানো থেকে সবাইকে বিরত থাকা উচিত।’
