পাহাড় নদী পেরিয়ে ভোটকেন্দ্র

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১১:১৪ পিএম

ভারতের ১৮তম লোকসভা নির্বাচন শুরু হচ্ছে আজ শুক্রবার। ভৌগোলিক বৈচিত্র্যে ঠাসা ভারতের নানা প্রান্তে ভোটকর্মীদের যাত্রার প্রস্তুতি শুরু হয়েছে কয়েক দিন আগেই। দুর্গম ও বন্ধুর পথে যাত্রা করে ভোট আয়োজন ভোটকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড্ড চ্যালেঞ্জেরই ব্যাপার। বিশেষ করে ভারতের উত্তর-পূর্বের ভোট আয়োজন প্রতিবারই এক কঠিন কাজ হয়ে যায়।

ভারতের উত্তর-পূর্বের অরুণাচলে নির্বাচনী কাজের জন্য এবার দায়িত্বে থাকবে ১১ হাজার ১৩০ জন ভোটকর্মী। সেখানে এবার বিধানসভা নির্বাচনও হচ্ছে। লোকসভা ও বিধানসভা মিলিয়ে ছয় হাজার ৮৭৪টি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পাঠানো হয়েছে। রাজ্যটিতে সাত হাজার ৫০০ জন সদস্যের ৮০ কোম্পানি কেন্দ্রীয় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

অরুণাচলে ভোটকর্মী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা কতটা দুর্গম পথ পাড়ি দিচ্ছেন তা বোঝা যাচ্ছে একটি ভিডিওতে নজর দিলে যা ভোটের আগে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রাজ্যটির সিয়াং জেলায় বিপজ্জনক পথ পাড়ি দিয়ে ভোটকর্মীরা পৌঁছাচ্ছেন ভোটকেন্দ্রে। পাহাড়ি পথের উঁচু-নিচু পথ বেয়ে তারা যাচ্ছেন কেন্দ্রে। আবার নাগাল্যান্ডের কিফিরে অঞ্চলের হাকুমাটি কেন্দ্রে যেতে ভোটকর্মীদের লড়াইয়ের চিত্রও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। চীন সীমান্তবর্তী দুর্গম কেন্দ্রে আকাশপথে ভোটকর্মী ও নিরাপত্তা বাহিনীকে পৌঁছে দেওয়া হয়েছে।

নির্বাচনী দায়িত্ব পালন করতে মেঘালয়ের পাহাড়ি গ্রামে ননগ্রিয়াটে যাচ্ছেন ডব্লিউ মনিং বেলগিট। ভোটের দায়িত্ব পালন করতে যাওয়া একটি দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। তারা যে গ্রামে যাচ্ছেন সেখানে ভোটার সংখ্যা ১৩৯ জন। পাহাড়ি রাস্তা, কখনো ঢালু সরুপথ, আবার কখনো নদী পেরিয়ে তাদের দীর্ঘ যাত্রা শেষ হয় ওই গ্রামে। মোট ১২ কিলোমিটার পাহাড়ি পথ উঠতে হয়েছে তাদের। কয়েক ঘণ্টা হাঁটাপথ পাড়ি দিতে হয়েছে তাদের। মনিং বেলগিট বলেন, ‘ভোটকর্মীদের পাহাড় বাইতে হবে, নদীতে নামতে হবে কিংবা হেলিকপ্টারে যেতে হবে। নির্বাচন কমিশন সম্ভাব্য সবই করছে যাতে কোনো ভোটারই তার অধিকার থেকে বঞ্চিত না হন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত