দুর্দান্ত শাইনপুকুর, মন ভার লিজেন্ডসের

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১২:৩৬ এএম

গতবার প্রথম পর্বে টানা জয়ের পর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে শেখ জামালের কাছে এসে হেরে গিয়েছিল আবাহনী। দুদলই ১০ জয় করে নিয়ে শুরু করেছিল সুপার লিগ। শেষ পর্যন্ত শেষ রাউন্ডে শেখ জামালকে হারিয়ে শিরোপা জিতেছিল আকাশি-নীলরা।

এবার প্রিমিয়ার লিগে আবাহনীর একচ্ছত্র আধিপত্য। প্রায় জাতীয় দলের শক্তি নিয়ে প্রথম পর্বে এগারো ম্যাচের সবগুলো জিতে নিয়েছে। গতকাল মিরপুরে শেষ ম্যাচে শরিফুল-তাসকিনদের পেস তোপে শেখ জামালকে মাত্র ৮৮ রানে গুটিয়ে দিয়ে ১০ উইকেটের জয় তুলে নেয় তারা। ৭ ওভারে ৩৫ রান দিয়ে ৪ উইকেট নেন ম্যাচসেরা শরিফুল ইসলাম। তাসকিন আহমেদ নেন ২টি উইকেট। ১১ খেলায় ২২ পয়েন্ট পাওয়া আবাহনী সুপার লিগে দুটি জয় পেলেই শিরোপা নিশ্চিত হবে তাদের।

লিগের মাঝপর্যায় থেকে হঠাৎ বদলে যাওয়া শাইনপুকুরও কাল দেখিয়েছে চমক। আকবর আলীর অপেক্ষাকৃত তরুণ দলটি ৬৭ রানে হারিয়েছে মাশরাফী বিন মোর্ত্তজাদের লিজেন্ডস অফ রূপগঞ্জকে। শাইনপুকুর লিগের শেষ ৫ ম্যাচ জিতে ১৬ পয়েন্ট নিয়ে উঠে এসেছে টেবিলের দুইয়ে। সমান পয়েন্ট হলেও নেট রানরেটে পিছিয়ে গিয়ে তিনে নেমে গেছে শেখ জামাল। আর কপাল পুড়েছে লিজেন্ডসেরও।

লিগে প্রথম চার ম্যাচেই জয়ের দেখা পেয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। এরপর মোহামেডান, প্রাইম ব্যাংক, শেখ জামাল ও আবাহনীর কাছে হেরে নিজেদের অবস্থান পাল্টে ফেলে। তবুও সুপার লিগে ওঠার দাবিদার ছিল তারা। শেষ ম্যাচে শাইনপুকুরের কাছে বড় হারে তাদের বিদায় নিশ্চিতই বলা চলে। নেট রানরেটে পিছিয়ে পড়ে টেবিলে সাতে নেমে গেছে তারা। বিকেএসপির ৩ নম্বর মাঠে ইরফান শুক্কুরের অপরাজিত সেঞ্চুরিতে বোর্ডে ২৫৬ রান জড়ো করে শাইনপুকুর। ম্যাচসেরা ইরফান অপরাজিত থাকেন ১০৬ রানে। জবাবে শুরু থেকেই উইকেট খোয়াতে থাকে লিজেন্ডস। আগের ম্যাচে ৫ উইকেট পাওয়া নাহিদ রানা শিকার করেন ৩ উইকেট। দুই স্পিনার রিশাদ হোসেন ও নাইম ইসলাম পান জোড়া উইকেট। শেষ দিকে প্রতিরোধ গড়েন পেসার আবদুল হালিম। তুলে নেন ফিফটি। ৯২ রানে ৮ উইকেট হারানো লিজেন্ডসের ইনিংসটিকে ১৮৯ রানে নিয়ে যান তিনি। অপরাজিত থাকেন ৬০ রানে। ম্যাচে রবিউলের পায়ের চোটকে মাথার দেখিয়ে কনকাশন সাব হিসেবে মুগ্ধকে নামানোয় শাইনপুকুরের বিপক্ষে ছলচাতুরীর অভিযোগ তোলে লিজেন্ডস।

ফতুল্লায় গর্বের মুহূর্ত পার করেছেন দেশের প্রখ্যাত কোচ মোহাম্মদ সালাহউদ্দীন। লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেকের ম্যাচে ছেলে নুহায়েল সানদিদের মাথায় ক্যাপ পরিয়ে দেন তিনি। অভিষেক ম্যাচে ৬ ওভার বল করে ২ উইকেট পান বাঁহাতি স্পিনার নুহায়েল। তবে প্রাইম ব্যাংকের কাছে বড় ব্যবধানে হেরেছে তার দল। আবাহনীর বিপক্ষে আগের ম্যাচেই করেছিলেন সেঞ্চুরি। এ ম্যাচে মুশফিকুর রহিম খেলেন ম্যাচসেরা ৭১ রানের ইনিংস। তাতে গাজী টায়ার্সের বিপক্ষে ২৬৯ রানের পুঁজি পায় প্রাইম ব্যাংক। এরপর শেখ মেহেদি ও হাসান মাহমুদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি গাজী টায়ার্স। ১২৮ রানে গুটিয়ে গিয়ে তারা ম্যাচ হেরেছে ১৪১ রানের বড় ব্যবধানে। শেখ মেহেদি ফেরান ৪ ব্যাটসম্যানকে। হাসান নেন ৩ উইকেট। আসরে ২ জয়ে ৪ পয়েন্ট পাওয়া গাজী টায়ার্সকে খেলতে হবে রেলিগেশন লিগ। আর ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সুপার লিগ নিশ্চিত হয়েছে তামিম ইকবালের দলের।

আজ মোহামেডানের সামনে সুযোগ রয়েছে টেবিলের দুইয়ে ওঠার। সেক্ষেত্রে ব্রাদার্সকে হারাতে হবে বড় ব্যবধানে। সিটি ক্লাবের কাছে বড় ব্যবধানে গাজী গ্রুপের পা ফসকালে কপাল খুলতে পারে লিজেন্ডসের। রূপগঞ্জ টাইগার্স-পারটেক্সের ম্যাচের ফলে জমে উঠতে পারে রেলিগেশন লিগের সমীকরণ। টেবিলে তলানিতে থাকা পারটেক্স জয় পেলে চার দলের পয়েন্ট হবে চার করে। তখন বড় প্রভাবক হয়ে উঠবে নেট রানরেটের হিসাব। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত