পটুয়াখালীর বড় চৌরাস্তা এলাকায় অতিরিক্ত যাত্রী বহনের কারণে ভ্রাম্যমাণ আদালত দুটি বাসকে জরিমানা করায় গতকাল বৃহস্পতিবার দুপুরে দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে পরিবহনকর্মীরা। পরে জেলা প্রশাসনের হস্তক্ষেপে ঢাকা-পটুয়াখালী মহাসড়কে যান চলাচল শুরু হয়।
এ সময় মহাসড়কের দুই দিকে আটকে পড়ে শতাধিক যানবাহন। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। যানবাহনের ভেতরে প্রচ- গরমে হাঁসফাঁস করতে থাকে তারা। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে মালিক সমিতির সঙ্গে বৈঠকের আশ্বাস দেওয়া হলে দুপুর সোয়া ৩টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে পটুয়াখালী জেলা বাস মালিক সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন মৃধা বলেন, জরিমানার পরিমাণ সহনশীল হলে সেটি ঠিক ছিল, কিন্তু প্রতিটি বাসকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এত টাকা বাসের চালক বা হেলপারের পক্ষে দেওয়া কষ্টসাধ্য, তাই তারা সড়ক অবরোধ করে। জেলা প্রশাসনের আশ্বাসে জরিমানা পরিশোধ করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
