বিআইপিডির কোটি টাকা ফেরত দিচ্ছে না ফারইস্ট ফাইন্যান্স

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০১:১০ এএম

দেশের আর্থিক খাতের শিক্ষক-ছাত্রদের প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্টের (বিআইপিডি) এক কোটি ৮ লাখ টাকার আমানত ফেরত দিচ্ছে না উদ্যোক্তাদের লুটপাটে দুর্বল হয়ে পড়া প্রতিষ্ঠান ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। বাংলাদেশ ব্যাংকের দারস্থ হয়েও পাঁচ বছরে আমানত ফেরতের বিষয়ে কোনো প্রতিকার পাচ্ছে না বলে দাবি করে প্রতিষ্ঠানটি।

গতকাল শনিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই অভিযোগ তুলে ধরেছেন বিআইপিডির চেয়ারম্যান মো. এহসান খসরু। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিআইপিডি ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে সর্বমোট ১ কোটি ৮ লাখ ৩৫ হাজার টাকার ছয়টি ফিক্সড ডিপোজিট রিসিপ্ট অ্যাকাউন্ট বা এফডিআর খুলেছিল। সবকটি এফডিআর ২০১৯ সালের মধ্যে মেয়াদোত্তীর্ণ হওয়া সত্ত্বেও ফারইস্ট ফাইন্যান্স বিআইপিডির কোনো অর্থ পরিশোধ করেনি। এমনকি আমানতের লভ্যাংশও প্রদান করছে না।

তিনি জানান, কোম্পানিটিকে এ বিষয়ে এখন পর্যন্ত ৫৬টি চিঠি দেওয়া সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এমনকি ২০২০ সালের পরে কোনো পত্রের জবাবও দেয়নি ফারইস্ট ফাইন্যান্স।

এহসান খসরু বলেন, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের বিষয়টি নিয়ে বিআইপিডি ২০১৯ সালের ১১ জুন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর প্রথম চিঠি দিয়েছিল। সর্বশেষ চলতি বছরের ১৭ এপ্রিল চিঠি পাঠানো হয়। এ যাবৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর এবং ফিন্যান্সিয়াল ইনটিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিস বিভাগ বরাবর ৩৬টি পত্র ও ইমেইল পাঠানো হলেও আজ পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি। জবাব না দেওয়ার কোনো কারণ আছে কি না আমরা তাও জানতে পারিনি।

তিনি বলেন, ২০২২ সালের ২০ ডিসেম্বর এবং ২০২৩ সালের ২ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড কর্তৃক বিআইপিডির অর্থ পরিশোধ না করার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংককে পত্র দেওয়া হয়। এই পত্র দেওয়ার পরে ৮ মাসের বেশি সময় অতিবাহিত হলেও বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বা আমাদের অবহিত করেনি।

এদিকে আমানতের অর্থ না পেয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) চিঠি দেয় বিআইপিডি। ২০২২ সালের ২৩ মার্চ এসইসি এ বিষয়ে একটি প্রজ্ঞাপনও জারি করে। যেখানে ফারইস্ট ফাইন্যান্সকে অভিযোগকৃত বিষয়টি দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়। কিন্তু এসইসির আদেশ অমান্য করে ফারইস্ট ফাইন্যান্স এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো সমাধানে পৌঁছায়নি।

পুঁজিবাজারে বর্তমানে দুর্বল ক্যাটাগরির কোম্পানি হিসেবে পরিচিত ফারইস্ট ফাইন্যান্সের ঋণের বোঝা বেড়েই চলছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, ২০২৩ সালের মার্চ শেষে ফারইস্ট ফাইন্যান্সের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯৪০ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ রয়েছে ৮৮৬ কোটি টাকা। অর্থাৎ, মোট ঋণের ৯৪ শতাংশই খেলাপি।

এছাড়া, ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৩ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে কোম্পানিটির মোট নিট লোকসান দাঁড়িয়েছে প্রায় ৪৫ কোটি টাকা, যা ২০২২ সালের একই সময়ে ছিল প্রায় ৪৮ কোটি টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত