আমি গান না করলেই তারা খুশি

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১১:২১ এএম

জেনস সুমন নব্বই দশকের শেষভাগে উন্মাদনা নিয়ে হাজির হয়েছিলেন। নিজের পঞ্চম অ্যালবামের একটা চাদর হবে যেন সবার গান হয়ে গিয়েছিল। সেই সুমন যেন হঠাৎ করেই হারিয়ে গেলেন। ফিরলেন ১৬ বছর পর।  ‘আসমান জমিন’ শিরোনামে নতুন গান মুক্তি পেয়েছে। গান ও গানের বাইরের বিষয় নিয়ে সুমনের মুখোমুখি হয়েছেন মাহতাব হোসেন

গালিব আহসান থেকে জেনস সুমন

অনেকেই মনে করে আমার প্রথম অ্যালবাম একটা ‘চাদর হবে।’ কিন্তু আসলে তা নয়। আমার প্রথম অ্যালবামের নাম আশীর্বাদ। এই অ্যালবাম মুক্তির সময়ই আমার নাম বদলে যায়। আমি নিজেও জানতাম না। জেনস সুমন নামে আমার অ্যালবাম মুক্তি পেল। আমার নাম গালিব আহসান মেহেদি, ডাক নাম সুমন। সারগামের বাদল ভাই বললেন, তোমার কণ্ঠ জেমসের মতো। তাই জেনস সুমন দিয়েছি। এভাবেই হয়ে গেলাম আমি জেনস সুমন।

একটা চাদর হবে

২০০২ সালে মুক্তি পেল আমার পঞ্চম অ্যালবাম একটা চাদর হবে। এই অ্যালবামের এই গানটি ছড়িয়ে পড়ল। বুঝলাম সব ধরনের মানুষ গানটা শুনছে। ইন্ডাস্ট্রির অনেকেই আমাকে বলত আমার কণ্ঠ জেমস ভাইয়ের মতো। এই অ্যালবামের পর সেটা আরও ব্যাপকভাবে শুনতে লাগলাম। অনেকেই সে সময় আমাকে বলেছিল আমি জেমস ভাইয়ের বিকল্প। কিন্তু আসলে কেউ কারও বিকল্প হতে পারে না।

গানে ফেরা

২০০৮ সালে চিত্রনায়ক নিরবের ছবিতে শেষ প্লেব্যাক গেয়েছিলাম। এরপর আর গানে ফেরা হয়নি। এর মাঝে আমার বাবা মারা যান। ফলে অনেকদিন গান থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। তারপর ফিরব ফিরব করে ফেরা হয়ে উঠছিল না। আরও একটা ব্যাপার ছিল। অনেকেই চাইত না আমি গান করি। আমার একটা বিশাল শ্রোতাশ্রেণি রয়েছে। কিন্তু ইন্ডাস্ট্রিতে কিছু মানুষ ছিল, তারা চাই তো না আমি গান করি। আমি গান না করলেই তারা খুশি হয়। হয়তো এটাও আমাকে পিছিয়ে দিয়েছে।

অন্তরালের দিন

আমাকে গান করেই ভাত খেতে হবে এমনটা নয়। গানটা আমি ভালোবেসে করি। তাই যখন গানে ছিলাম না। তখন পারিবারিক ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলাম। আমাদের একটি বিজ্ঞাপনী সংস্থা ও  বিল্ডার্সের ব্যবসা রয়েছে। এখন ছোট ভাই বিজ্ঞাপনী সংস্থা দেখছে আর আমার বিল্ডার্সের কাজে ব্যস্ত সময় কাটছে। গান থেকে সরে যাওয়ার পর এই ব্যবসা ও পরিবার নিয়ে ছিলাম। যদিও অনেকেই মনে করে আমি দেশে আছি কি নেই। আমি বেঁচে আছি কি নেই এমনও অনেকে ভাবে জানি।

গানে ফেরা

আমার বড় মেয়ে সপ্তর্ষী ও লেভেলে পড়ে। ছোট মেয়ে তাসনুভা কেজিতে পড়ে। সপ্তর্ষী আমাকে বলে বাবা তুমি নাকি গান গাও? সে ইউটিউবে আমার গান শুনেছে কিন্তু আমাকে কখনো গাইতে দেখেনি। প্রায়ই সে এ কথা বলত। এটা আমাকে প্রেরণা দিয়েছে। এ ছাড়া আমার অনেক ভক্ত সামাজিক মাধ্যমে এসে তাদের প্রতিক্রিয়া জানাত। আমার সঙ্গে সবসময়ই মিউজিকের মানুষ থাকত। সম্প্রতি অ্যানজেল আমার সঙ্গে যুক্ত হয়েছে। ফলে তার তাগিদে এবার হয়ে গেল ‘আসমান জমিন’। গানতা রোমান্টিক। সামনে গানে নিয়মিত থাকব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত