বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাসের মরণোত্তর দেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দান করা হয়েছে। এর আগে শিবনারায়ণ দাস মরণোত্তর চোখের কর্নিয়াও দান করেছেন।
গতকাল রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগের প্ল্যাস্টিনেশন ল্যাব অ্যান্ড মিউজিয়াম কমপ্লেক্সে বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানুর কাছে এই মরদেহ হস্তান্তর করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, জাসদ নেত্রী শিরীন আখতার, শিবনারায়ণ দাসের সহধর্মিণী গীতশ্রী চৌধুরী, পুত্র অর্ণব আদিত্য দাসসহ অ্যানাটমি বিভাগের শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। এর আগে মরদেহের এমবামিং প্রক্রিয়ার শুরুতে মরদেহের যথোচিত সম্মান ও পবিত্রতা রক্ষার জন্য শপথ গ্রহণ করা হয়।
উপাচার্য এ ধরনের মহৎ উদ্যোগের প্রশংসা এবং মরণোত্তর দেহ দানকারীর ছেলে অর্ণব আদিত্য দাসসহ পরিবারের সবাইকে এই ত্যাগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দেশের সব মানুষের প্রতি এ রকম মহতী কাজে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
শিবনারায়ণ দাস গত ২১ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন।
