মধ্যপ্রাচ্যে মার্কিন সূর্য ডুবুডুবু!

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১২:০৭ এএম

গাজায় ইসরায়েলি আগ্রাসনে ছয় মাসের বেশি সময় অতিবাহিত হওয়ার পরিক্রমায় মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক চালচিত্রে নানা পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের উত্থান এবং চীনের সামরিক ও কূটনৈতিক ভূমিকায় মধ্যপ্রাচ্যের মার্কিন আধিপত্যের সূর্য এখন ডুবুডুবু। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ইসরায়েলের মাটিতে প্রথমবারের মতো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তার গতিপ্রকৃতিতে বিরাট মোড় বদল হয়েছে। ঘটনাটি নতুন এক নিরাপত্তা ভারসাম্যের চিত্রকে প্রতিষ্ঠিত করেছে। এটি মার্কিন পররাষ্ট্রনীতির একটি পুনর্মূল্যায়ন দাবি করে; কারণ চীনের কৌশলগত প্রভাবও এখন এই অঞ্চলের বাস্তবতা। 

বিশ্লেষকরা বলেন, ১৪ এপ্রিল রাতে ইরানের হামলাটির মাধ্যমে দেশটির সামরিক সক্ষমতা দেখা গেছে এবং ইসরায়েলের সঙ্গে তাদের সরাসরি সংঘাতের চিন্তাভাবনাও প্রকাশ্যে এসেছে।

আন্তর্জাতিক রাজনীতির একজন বাস্তববাদী তাত্ত্বিক জন মার্শেইমার এ বিষয়ে বলেন, মধপ্রাচ্যে আমেরিকা যেভাবে নিঃশর্তভাবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অধীনে ইসরায়েলি কর্মকান্ডের প্রতি সমর্থন জানাচ্ছে, তা সম্পদ ও কৌশলগত দৃষ্টিকোণের ভুল হিসাবনিকাশ।’ এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণ সদস্যপদের প্রশ্নে ‘ভেটো’ ক্ষমতা প্রয়োগ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। এই ঘটনা আরব বিশ্বে ইরানের গ্রহণযোগ্যতা বাড়িয়েছে। সেই সঙ্গে আরব দুনিয়ায় মার্কিন মিত্রদের মুখে কালিমা লেপে দিয়েছে। ঠিক এমন টালমাটাল পরিস্থিতির মধ্যে এবং বেশ আগে থেকে মধ্যপ্রাচ্যের মাটিতে প্রভাব জোরদার করতে মরিয়া হয়ে কাজ করছে চীন, যা বর্তমান বিশ্বে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান প্রতিপক্ষ। মধ্যপ্রাচ্যে সামরিক ও কৌশলগতভাবে বেইজিংয়ের প্রভাব তৈরি হয়েছে। এশিয়া থেকে শুরু করে আফ্রিকা ও লাতিন আমেরিকা পর্যন্ত চীনের কৌশলগত বিনিয়োগের প্রভাব তৈরি হয়েছে। ‘শিয়াপন্থি’ ইরান এবং ‘সুন্নিপন্থি’ সৌদি আরবের বিরোধ নিরসনে মধ্যস্থতার ভূমিকা গ্রহণ করে চীন আঞ্চলিক প্রভাব দৃঢ় করেছে। মার্কিন আধিপত্যবাদী মানসিকতার বিপরীতে চীন নিজেকে দীর্ঘমেয়াদি দূরদর্শী মিত্র হিসেবে তুলে ধরে; বিশেষ করে মধ্যপ্রাচ্যে যখন মার্কিন অবস্থান প্রশ্নের মুখে, তখন চীন দক্ষিণ চীন সাগর এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় বিস্তীর্ণ কৌশলগত অঞ্চলে প্রভাব বৃদ্ধি করতে কাজ করছে। মধ্যপ্রাচ্যসংক্রান্ত মার্কিন নীতিনির্ধারণে এখন ইরানের উত্থানের পাশাপাশি চীনের ক্রমবর্ধমান প্রভাবকেও আমলে নিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত