সাভারের আশুলিয়ায় ছিনতাইকারীদের হামলায় প্রাণ হারিয়েছেন এক গৃহবধূ। তার নাম ববিতা আক্তার (৩৭)। টানা ছয় দিন সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর গত সোমবার রাত ১টার দিকে তার মৃত্যু হয়। এর আগে গত ১৫ এপ্রিল একটি রেস্তোরাঁয় রাতের খাবার খেয়ে দুই সন্তান নিয়ে ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। এ সময় ভ্য্যানিটি ব্যাগ ও গলার চেইন টানাহেঁচড়া করলে রিকশা থেকে পড়ে জ্ঞান হারান। ববিতা আক্তার আশুলিয়ার বাইপাইল ম-লপাড়া মহল্লার নাদিম ম-লের স্ত্রী। এর আগে নিজের একটি কিডনি দিয়ে মৃত্যুপথযাত্রী স্বামীর প্রাণ বাঁচিয়েছিলেন তিনি।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, গত ১৫ এপ্রিল ছোট মেয়ের আবদারে কলেজপড়ুয়া ছেলেকে সঙ্গে নিয়ে স্থানীয় পল্লীবিদ্যুৎ এলাকার একটি রেস্তোরাঁয় রাতে খেতে গিয়েছিলেন ববিতা আক্তার। খাবার খেয়ে বাসায় ফেরার পথে পলাশবাড়ী এলাকার হাবিব পাম্পের কাছে পৌঁছালে মোটরসাইকেলে করে আসা দুই ছিনতাইকারী তার ভ্যানিটি ব্যাগ ও গলার চেইন কেড়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ছিনতাইকারীদের টানাহেঁচড়ায় চলতি রিকশা থেকে মহাসড়কে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন।
