সুষ্ঠু ভোট ও ভোটাধিকার এখন কবরে : রিজভী

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৬:২২ এএম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘নির্বাচন, সুষ্ঠু ভোট ও ভোটাধিকার এখন “কবরে শায়িত”। প্রকৃত বিরোধী দল না থাকায় ডামি নির্বাচনে জাতীয় সংসদকে বিনোদনের ঘরে পরিণত করা হয়েছে।’ গতকাল মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন।

রিজভী বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় গত সোমবার “২০২৩ কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা নিয়ে দেশবাসী এত দিন যা মনে করেছে, যুক্তরাষ্ট্রের প্রতিবেদনেও সেটি উঠে এসেছে। খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার জন্যই যে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দি করা হয়েছে, তা আজ দেশ-বিদেশে সর্বজনবিদিত। মানবাধিকার প্রতিবেদন নিয়ে ব্রিফিংয়ে গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমবিষয়ক মার্কিন কর্মকর্তা রবার্ট গিলক্রিস্ট নির্বাচনী প্রক্রিয়া থেকে বিরোধী দলের নেতাকে অপসারণকে একটি রাজনৈতিক চক্রান্ত এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ আইনজীবীদের দ্বারা বাদ দেওয়ার ঘটনার উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে দলের নেতা আবদুস সালাম, জয়নুল আবেদীন ফারুক, আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত