ঢাকা মহানগর পুলিশের কমিশনার (ডিএমপি) মো. হাবিবুর রহমান বলেছেন, বাংলাদেশ পুলিশের সেবা কেবল আইনশৃঙ্খলার ভেতরেই সীমাবদ্ধ নয়, সেটি তারা জাতিকে দেখিয়েছে। সবার আগে দেখিয়েছে ১৯৭১-এর ২৫ মার্চ রাতে। জাতীয়তার পরীক্ষায় বাংলাদেশ পুলিশ সবার আগে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেছিল। গতকাল বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পুলিশ থিয়েটার অ্যান্ড কালচারাল ক্লাব এই সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে।
কমিশনার বলেন, বাংলাদেশ পুলিশ এখন বিভিন্ন সামাজিক দায়িত্ব পালন করে থাকে। দেশে তীব্র তাপপ্রবাহ চলছে, পুলিশ শ্রমজীবী মানুষ ও পথচারী যারা পানি কিনে খেতে পারে না তাদের কথা বিবেচনা করে ডিএমপির ৫০টি থানা এলাকায় বিভিন্ন পয়েন্টে সুপেয় খাবার পানির ব্যবস্থা করেছে।
