ইউরোপা লিগ থেকে বিদায়ের পর লিভারপুল কোচ বলেছিলেন, প্রিমিয়ার লিগে নিজেদের সবটুকু উজাড় করে দেবে তার দল। কিন্তু আবারও হোঁচট খেল অলরেডরা। বুধবার রাতে নগর প্রতিদ্বন্দ্বী এভারটনের কাছে ২-০ গোলে হেরে গেছে তারা। এই হারে শিরোপা লড়াইয়ে আরও পিছিয়ে পড়ল লিভারপুল। গত চার ম্যাচে দ্বিতীয় হার এটি ক্লপের দলের। এছাড়া ম্যানইউ-র সঙ্গে ড্র করেছিল।
ম্যাচটি জিতলে শীর্ষে থাকা আর্সেনালের সমান ৭৭ পয়েন্ট হতো লিভারপুলের। কিন্তু হারের কারণে ৩৪ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৭৪। দুই ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭৩। গতকাল রাতে তাদের খেলা ছিল ব্রাইটনের মাঠে। সেটি সিটি জিতে
থাকলে লিভারপুল তিনে নেমে গেছে।
আর্সেনাল ও ম্যানসিটির ‘খুব বাজে সময়’ না এলে শিরোপার আর কোনো সম্ভাবনা নেই বলে মনে করেন কোচ ইয়ুর্গেন ক্লপ। তাই সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি, ‘আমি কেবল সমর্থকদের কাছে ক্ষমাই চাইতে পারি। আমাদের সঙ্গে যারা আছেন, তারা সবাই জানেন যে আমাদের জন্য এটা কতটা কঠিন। আমাদের আরও ভালো করা উচিত ছিল, কিন্তু পারিনি।’
ম্যাচ হারের দায় নিজেদেরই দিলেন ক্লপ। ‘অবশ্যই অনেক কিছু নিয়ে আমরা হতাশ। এভারটন যেভাবে খেলতে চেয়েছে, আমরা ঠিক সেটিই করতে দিয়েছি। সেট পিস থেকে দুটি গোল হয়েছে। আমরা অনেক সুযোগ তৈরি করেছি, কিন্তু গোল করতে পারিনি। অনেক তাড়াহুড়ো করেছি আমরা।’
লিভারপুলের অধিনায়ক ভার্গিল ফন ডাইক ক্ষেপেছেন দলের সতীর্থদের ওপর। ‘অনেক দিক থেকেই আমি খুব হতাশ। সবাইকে আয়নায় তাকাতে হবে এবং নিজেদের পারফরম্যান্স দেখতে হবে; ভাবতে হবে, তারা কি সবটুকু নিংড়ে দিয়েছিল কি না। আজ যেভাবে খেললাম, যদি এভাবেই খেলতে থাকি, শিরোপা দৌড়ে নিজেদের বিবেচনা করার কোনো সুযোগ নেই।’
ওয়েস্ট হ্যাম, টটেনহ্যাম, অ্যাস্টন ভিলা ও উলভারহ্যাম্পটনের সঙ্গে খেলা বাকি লিভারপুলের।
ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচ পর জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে গত বুধবার রাতে ম্যানইউ ৪-২ গোলে হারিয়েছে শেফিল্ড ইউনাইটেডকে। ম্যানইউ’র হয়ে ব্রুনো ফার্নান্দেজের জোড়া গোল এবং হ্যারি ম্যাগুয়ের ও রাসমুস হইলুন্ডের একটি করে গোল করেন। ৩৩ ম্যাচ শেষে ৫৩ পয়েন্টে ছয় নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।
