আপিল বিভাগের  তিন বিচারপতির শপথ

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০২:২৬ এএম

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগপ্রাপ্ত বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন শপথ নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তিন বিচারককে শপথ পাঠ করান। প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে এখন আটজন বিচারপতি বিচারিক দায়িত্ব পালন করবেন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীর পরিচালনায় শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকরা, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট বারের সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক শাহ মঞ্জুরুল হক, সুপ্রিম কোর্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ শপথ নেওয়া তিন বিচারকের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এরপর দুপুর ১২টার দিকে তিন বিচারক আপিল বিভাগের এজলাসে আসন গ্রহণ করেন। প্রধান বিচারপতি ও আপিল বিভাগের অপর বিচারপতিরা এ সময় এজলাসে ছিলেন। এ সময় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বারের পক্ষে সমিতির সম্পাদক নবনিযুক্ত তিন বিচারপতির উদ্দেশে অভিবাদন জানিয়ে বক্তব্য দেন। 

এদিকে শপথ অনুষ্ঠান শেষে তিন বিচারপতি রাজধানীর ধানম-ির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু ভবনে যান। সেখানে তারা জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানানো শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা।

গত বুধবার সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হাইকোর্টে দায়িত্ব পালনকারী এই তিনজন বিচারককে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেন। ওই দিন দুপুরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত