ডিপিএলের রেলিগেশন লিগের ম্যাচে বিকেএসপিতে তিন অঙ্কের দেখা পেয়েছেন রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের অভিজ্ঞ ব্যাটসম্যান শামসুর রহমান শুভ। এছাড়া সালমান হোসেন ইমনের ফিফটিতে আগে ব্যাট করে ২৫৭ রান তোলে ক্লাবটি। জবাবে ৫৫ রান তুলতেই ৬ উইকেট খোয়ানো সিটি ক্লাবকে টানেন মইনুল ইসলাম। তার ফিফটিতে লজ্জা এড়ালেও হার এড়াতে পারেনি সিটি ক্লাব। ৮৭ রানের বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
বিকেএসপির তিন নম্বর মাঠে শামসুর এদিন খেলেন ১১৫ বলে ১০১ রানের ঝকঝকে ইনিংস। ৪টি চার ও ৫টি ছক্কা হাঁকান। এর পর লোয়ার মিডল অর্ডারে সালমানের ব্যাট থেকে আসে ৫৯ রান। ইনিংস উদ্বোধন করতে আসা মাহফিজুল ইসলাম রবিন করেন ৩৩ রান। সিটি ক্লাবের ডানহাতি তরুণ পেসার ইফরান হোসেন শিকার করেন ৩ উইকেট। মইনুল উইকেট পান ২টি।
২৫৮ রানের লক্ষ্য তাড়ায় সোহাগ গাজী ও মহিউদ্দিন তারেকের বোলিংয়ে দিশেহারা হয় সিটি ক্লাবের টপ অর্ডার ব্যাটসম্যানরা। দলের রান ৫৫ হতেই সাজঘরে ফেরেন প্রথম ৬ ব্যাটসম্যান। ওই অবস্থায় হাল ধরেন মইনুল। ৬৫ বলের ইনিংসে ৫ চার ও ১ ছক্কায় করেন ৫২ রান। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন মাহফুজুর রহমান টিটু। দলের নবম উইকেট হয়ে মইনুল ফেরার পর এক রান যোগ করতেই ১৭০ রানে গুটিয়ে যায় সিটির ইনিংস। সোহাগ ও মহিউদ্দিন দুজনেই শিকার করেন ৩টি করে উইকেট। আবু হাসিম পান ২টি।
রেলিগেশনের ২ ম্যাচেই হারের স্বাদ পেতে হলো সিটি ক্লাবকে। তাতে নিশ্চিত হলো অবনমনও। আগামী ২৯ এপ্রিল রেলিগেশন লিগের শেষ ম্যাচে মুখোমুখি হবে গাজী টায়ার্স ও রূপগঞ্জ টাইগার্স।
