পাকুন্দিয়া কসবা ফরিদগঞ্জে ৩ খুন

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০২:১৫ এএম

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গভীর রাতে সংঘর্ষে তরুণ নিহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রতিবেশী তরুণরা ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক প্রবাসী। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ছেলের হাতে মা খুন হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর:

কিশোরগঞ্জ : পাকুন্দিয়ায় গভীর রাতে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়ীয়া মেলা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

নিহত শরীফ উদ্দিন (২৮) সুখিয়া ইউনিয়নের কুষাকান্দা গ্রামের হোসেন উদ্দিনের ছেলে। আহতরা হলেন একই গ্রামের শাহজাহানের ছেলে আজাদ মিয়া (২৭) এবং সুরুজ মিয়ার ছেলে লিটন মিয়া (৪৬)। আজাদ গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। অপরদিকে লিটনকে ভর্তি করা হয়েছে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

খোঁজ নিয়ে জানা যায়, পাকুন্দিয়ার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়ীয়া গ্রামে কদিন আগে বৈশাখী মেলা শেষ হয়েছে। ওই মেলা শেষ হলেও মেলা কমিটিকে না জানিয়ে গ্রামের কয়েক যুবক মিলে ওই স্থানে গত বৃহস্পতিবার রাতে গানের আয়োজন করে। এদিকে রাতে গান চলাকালে হঠাৎ তা বন্ধ হয়ে যায়। এ সময় গানের আয়োজক কমিটির সঙ্গে দর্শকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত শরীফ ও আজাদকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই শরীফ উদ্দিনের মৃত্যু হয়।

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) : কসবায় ফসলি জমি ক্ষতিগ্রস্ত করায় বকা দেওয়ায় ছুরিকাঘাত করে হারুনুর রশিদ (৫০) নামের এক প্রবাসীকে খুন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় নিহতের স্ত্রী লাকি আক্তার বাদী হয়ে ফিরোজ মিয়ার ছেলে সাগর মিয়াকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। পুলিশ ফিরোজ মিয়া ও তার স্ত্রী রত্না আক্তারকে গ্রেপ্তার করেছে। নিহত হারুনুর রশিদ কসবা উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে। তার স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে। হারুনুর রশিদ এতদিন কাতার প্রবাসী ছিলেন। এখন আবার মালয়েশিয়া যাওয়ার জন্য ফ্লাইট ছিল আগামী ৫ মে।

নিহতের পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হারুনুর রশিদ বাড়ির পাশের জমিতে তিলের চাষ করেছেন। গত বুধবার বিকেলে প্রতিবেশী রহমানের ছেলে বায়েজিদ ও ফিরোজ মিয়ার ছেলে সাগর মিয়াসহ কয়েকজন পাশে ফুটবল খেলার সময় মাঝেমধ্যেই বল গিয়ে তিলের জমিতে পড়ছিল। এ নিয়ে হারুনুর রশিদ তাদেরকে বকা দিলে তাদের মধ্যে তর্ক হয়। পরে রাতের বেলায় উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করা হয় হারুনুর রশিদকে।

চাঁদপুর : চাঁদপুরের ফরিদগঞ্জে ছেলের হাতে মা খুন হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার ইছাপুর গ্রামে এ ঘটনা ঘটে। খুন হওয়া মায়ের নাম রানু বেগম (৫৫)। ঘাতক ছেলে রাছেল (২২) ঘটনার পর পালিয়ে গেছে।

নিহতের স্বামী ও রাছেলের বাবা আতর খান বলেন, রাছেল দুপুরে আমাকে কল দিয়ে বলে তার মায়ের জবাই করা লাশ পড়ে আছে ঘরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত