ডরিয়েল্টনের জোড়ায় বসুন্ধরার জয়

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০৮:১৬ পিএম

চলতি লিগে দারুণ গতিতে ছুটছে বসুন্ধরা কিংস। তাদের খানিকটা চাপে রেখেছিল মোহামেডান। কিন্তু আজ সাদা-কালো জার্সি ধারিরা নিজেদের ম্যাচে ড্র করে পয়েন্ট হারায়। এরপর ঘরের মাঠ কিংস অ্যারেনায়, বসুন্ধরা কিংস ২-০ গোলে হারিয়েছে শেখ জামালকে। দুটি গোলই করেন ডরিয়েল্টন। ১৩ ম্যাচ শেষে ৩৪ পয়েন্টে শীর্ষেই রইলো অস্কার ব্রুজনের দল। সমান ম্যাচে ২৭ পয়েন্টে দুইয়ে মোহামেডান।

এই জয়ে শিরোপার আরও কাছে গেল বসুন্ধরা। দ্বিতীয় স্থানে থাকা মোহামেডানের সঙ্গে পয়েন্টের ব্যবধান ৭। বাকি থাকা পাঁচ ম্যাচের তিনটি জিতলেই শিরোপা নিশ্চিত হবে বসুন্ধরার। আর যদি মোহামেডান আরও পয়েন্ট হারায় আর বসুন্ধরা নিজেদের কাজটা ঠিকমতো করতে পারে আরও আগেই শিরোপা জিতবে তারা।

ইনজুরি কাটিয়ে এই ম্যাচ দিয়ে ফের মাঠে ফিরেছেন বসুন্ধরার অ্যাটাকিং মিডফিল্ডার শেখ মোরসালিন। ম্যাচের ১৮ মিনিটে মাঠের বাঁ প্রান্ত দিয়ে উচু করে বল বাড়ান ব্রাজিলিয়ান রবসন রবিনহো। বক্সে থাকা শেখ জামালের ডিফেন্ডার সেটি ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল পেয়ে যান পেছনে দাঁড়িয়ে থাকা ডরিয়েল্টন। সহজেই বল জালে জড়ান তিনি। ২৬ মিনিটে কর্নার থেকে হেডে লক্ষ্যে রাখতে পারেননি শেখ জামালের কিরন। তিন মিনিট পর রাকিবের ক্রসে এবার হেড লক্ষ্যে রাখতে পারেননি বসুন্ধরার গফুরফ।

তাপদাহের কারণে ম্যাচের ৩০ মিনিট পর খানিক সময় পানি পানের বিরতি নেয় দুই ক্লাব। প্রথমার্ধের যোগকরা সময়ে শেষ দিকে ব্যবধান বাড়ান ডরি। রবসনের কর্নার কিক থেকে হেডে বল জালে পাঠান ডরিয়েল্টন। চলতি মৌসুমে ১১ গোল হয়ে গেছে ডরিয়েল্টনের। 

৮৪ মিনিটে ডরিয়েল্টনের হেডে গোল প্রায় পেয়েই গিয়েছিলেন। তবে শেখ জামাল গোলকিপার হামিদ দারুণ সেভ দিয়ে কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করেন। শেষ পর্যন্ত দুই গোলের ব্যবধান ধরে রেখে জয় পায় বসুন্ধরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত