চট্টগ্রামের আনোয়ারায় মো. ইসতেহাদ উদ্দিন রাফি (১৪) নামে এক স্কুলছাত্র দুদিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ রাফি উপজেলার জুঁইদ-ী ইউনিয়নের খুরুস্কুল গোদারপাড় এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। সে জুঁইদ-ী খুরুস্কুল সরেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। গত শুক্রবার বিকেলে বাসা থেকে বেরিয়ে সে আর ফেরেনি। এ ঘটনায় রাফির বাবা গতকাল শনিবার আনোয়ারা থানায় একটি জিডি করেছেন।
রাফির বাবা আব্বাস উদ্দিন বলেন, ‘আমার ছেলে রাফি শুক্রবার বিকেল ৩টার দিকে সবার অগোচরে বাড়ি থেকে বের হয়। তারপর আর ফিরে আসেনি। আত্মীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি।’
রাফির মা রাজিয়া সুলতানা বলেন, ‘মাঝেমধ্যে তার নানির মোবাইলে ফ্রি ফায়ার গেমস খেলত রাফি। তার বন্ধুদের বলতে শুনেছি গেমস খেলায় রাফি দক্ষ বলে তার সহপাঠীরা তাকে লোভনীয় অফার করেছে। গেম খেলে টাকা ইনকাম করতে রাফিকে তারা চলে যেতে বলেছে। তার থাকা-খাওয়া নাকি সব ফ্রি।’ আনোয়ারা থানার ওসি সোহেল আহম্মদ বলেন, ‘তার সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হচ্ছে।’
