কুকুরের কামড়ে আঁচড়ে ছিন্নভিন্ন শিশুর মুখ

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০৫:৫৩ এএম

বাসার গেটের সামনে দাঁড়িয়েছিল পাঁচ বছরের শিশু মাহিনুর। হঠাৎ একটি কুকুর তার ওপরে আক্রমণ করে মাথায় কামড়ে ধরে। পরে আরও তিনটি কুকুর শিশুটির ওপর ঝাঁপিয়ে পড়ে। কামড়ে-আঁচড়ে শিশুটির মুখ-মাথা ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে গুরুতর অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল রবিবার রাজধানীর ডেমরার বক্সনগর আলফালা স্কুলের পাশে বাসার গেটের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির মুখমন্ডলের মাংস ছিন্নভিন্ন হয়ে গেছে।

শিশুটি তার পরিবারের সঙ্গে আলফালা স্কুলের বিপরীত পাশে একটি ভাড়া বাসায় থাকেন। তার বাবা মতিউর রহমান পেশায় একজন অটোচালক। মা কুলসুম বেগম গৃহিণী। এই দম্পতির দুই সন্তানের মধ্যে মাহিনুর ছোট।

মা কুলসুম বেগম জানান, দুপুরে বাসার গেটের সামনে দাঁড়িয়েছিল তার শিশু সন্তান মাহিনুর। হঠাৎ বেওয়ারিশ কুকুর আক্রমণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন কুকুরগুলোকে তাড়ানোর চেষ্টা করে। একপর্যায়ে বাঁশ দিয়ে আঘাত করলে কুকুরগুলো পালিয়ে যায়। ততক্ষণে শিশুটি ক্ষতবিক্ষত হয়ে যায়।

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, শিশুটির সারা মুখম-লে কুকুরের আঁচড়ে ও কামড়ে মুখের মাংসগুলো ছিন্নভিন্ন হয়ে গেছে। এ ছাড়া মাথায়ও কামড়ের চিহ্ন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত