গাইবান্ধায় ইসি রাশেদা

জনগণ অনেক ভোটমুখী হয়েছে

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০৬:০৪ এএম

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, আমরা বিগত যে জাতীয় নির্বাচনটা করেছি, সেই নির্বাচনে প্রত্যেককে একবাক্যে বলেছেন, ‘নির্বাচন অভূতপূর্ব সুষ্ঠু হয়েছে। তারই ধারাবাহিকতায় এই ষষ্ঠ উপজেলা নির্বাচনটি সুষ্ঠু ও অবাধ করতে চাই। জনগণ অনেক ভোটমুখী হয়েছে। মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দেবেন।’

গতকাল রবিবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, এটা একটা বড় নির্বাচন। জনগণই এখানে প্রার্থী ও ভোটার। আমরা চাই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হোক। ভোটাররা আসবে, তারা স্বাধীনভাবে ভোট দেবে। তারা তাদের ভোট যাতে নিশ্চিতভাবে প্রয়োগ করতে পারেন, সেটা আমরা নিশ্চিত করব।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং প্রিসাইডিং কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ভোটের কাজের সঙ্গে যারা জড়িত আছেন, তাদেরও নিয়ম ও আইনের মধ্যে চলতে হবে। আইনের ব্যত্যয় কারও কাছেই কাম্য নয়। আমরা মেনেও নেব না, সে যেই হোক।

সাংবাদিকদের উদ্দেশে ইসি রাশেদা বলেন, আপনারা দেখার মাধ্যমে নিউজের মাধ্যমে ভোটারদের আশ্বস্ত করবেন, ভোটের পরিবেশ তৈরি হয়েছে। যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিয়ে চলে যাবেন। ভয়ের কোনো কারণ নেই। চরাঞ্চলের ভোটগ্রহণেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত