পশ্চিম আফগানিস্তানের একটি মসজিদে বন্দুকধারীর হামলায় ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন একজন সরকারি মুখপাত্র। স্থানীয় সময় গত সোমবার রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি বলেন, ‘সোমবার রাত ৯টার দিকে হেরাত প্রদেশের গুজারা জেলার আন্দিসেহ শহরে একটি মসজিদে একজন অজ্ঞাত সশস্ত্র ব্যক্তি প্রার্থনারতদের ওপর গুলি চালায়।’ সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, ‘এ ঘটনায় ছয়জন নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন।’
বন্দুক হামলায় ইমামও নিহত হয়েছেন। কাবুলে অবস্থিত ইরানি দূতাবাস এই হামলার নিন্দা জানিয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।