ষোলো বছর বয়সে...

আপডেট : ০১ মে ২০২৪, ১২:৫৬ এএম

আঠার হয়নি, এরমধ্যে উপমহাদেশ জুড়ে তাকে খুঁজছে মানুষ, কৌতূহলী হয়ে উঠছে। তিনি নিতাংশি গোয়েল। ‘লাপাতা লেডিস’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি এখন আলোচিত। সিনেমা হলে মুক্তির পর আলোচনায় ছিল না ছবিটি, নেটফ্লিক্সে মুক্তির পর অন্তর্জাল জুড়ে আলোচনায় পরিচালক কিরণ রাওয়ের সিনেমা ‘লাপাতা লেডিস’। ট্রেনের মধ্যে পরিবার থেকে দুই কনের আলাদা হয়ে যাওয়া গল্পে মজেছেন নেটিজনরা। যদিও বক্স অফিসে তেমন সাড়া পায়নি সিনেমাটি।

এতে মূল চরিত্রে অভিনয় করেছেন নিতাংশি গোয়েল, প্রতিভা রত্না ও স্পর্শ শ্রীবাস্তব। অভিনয় করেছেন রবি কিষাণও। এরই মধ্যে সবচেয়ে নজর যিনি কেড়ে নিয়েছেন তিনি ফুল। যার ‘লাপাতা’ অর্থাৎ নিখোঁজ হয়ে যাওয়া নিয়েই গল্পের শুরু। সিনেমাতে দেখানো হয়েছে ফুলের বয়স মাত্র ১৮ বছর। বাস্তবেও খুব একটা বড় নন তিনি। এখনো প্রাপ্তবয়স্কও হননি ফুল। তার আসল নাম নিতাংশি গোয়েল। তার জন্ম ২০০৭ সালে। বর্তমান বয়স ১৬ বছর।

সামাজিক মাধ্যমে খুব সক্রিয় এই ফুল। ইতিমধ্যে তার অনুরাগী ১০.২ মিলিয়ন। তার জন্ম দিল্লির নয়ডায়। লকডাউনের সময় কনটেন্ট বানানো শুরু করেন তিনি। সেখান থেকেই মেলে জনপ্রিয়তা। তবে ‘লাপাতা লেডিস’-এ সুযোগ পাওয়া মোটেও সহজ ছিল না। রীতিমতো অডিশন দিতে হয় তাকে। অডিশনে এতটা ভালো পারফর্ম করেন যে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই নির্বাচিত হয়ে যান। সুযোগ পান কিরণ ও আমির খানের সঙ্গে বসে লাঞ্চ করারও। কিরণও পেয়ে যান তার ফুলকে।

ট্রেনের মধ্যে পরিবার থেকে দুই কনের আলাদা হয়ে যাওয়া গল্প নিয়ে তৈরি ‘লাপাতা লেডিস’। স্ত্রীদের খুঁজে পেতে পুলিশের কাছে যান দুই স্বামী। প্রথমেই ছবি নিয়ে বিপাকে পড়ে যায় পুলিশও। একজনের ছবিই নেই, অন্যজনের মাথায় লম্বা ঘোমটা।

তারপরও দুই নববধূর সন্ধানে নামে পুলিশ। অন্যদিকে সম্পূর্ণ আলাদা জগতে গিয়ে নিজেদের নতুন করে আবিষ্কার করেন গ্রামে বেড়ে ওঠা দুই কনে। এভাবেই এগিয়েছে আমির খানের সাবেক স্ত্রী কিরণ রাওয়ের পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘লাপাতা লেডিস’-এর গল্প।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত