ইআরএফ-প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড চালু হচ্ছে

আপডেট : ০১ মে ২০২৪, ০২:৩৪ এএম

দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাত নিয়ে কাজ করা সাংবাদিকদের সম্মাননা জানাতে চালু হচ্ছে ‘ইআরএফ-প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড’। এ উদ্যোগের মাধ্যমে ২০২৪ সালে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাতের ওপর সেরা রিপোর্টের জন্য প্রিন্ট, অনলাইন, টেলিভিশন এই তিন ক্যাটাগরিতে সাত সাংবাদিককে পুরস্কৃত করা হবে।

গতকাল রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অ্যাওয়ার্ড নিয়ে বিস্তারিত জানানো হয়। প্রাণ ও ইআরএফ যৌথভাবে এ অ্যাওয়ার্ড প্রদান করবে। এ অ্যাওয়ার্ডের প্রথম পুরষ্কার ১ লাখ টাকা. দ্বিতীয় পুরষ্কার ৭৫ হাজার টাকা ও তৃতীয় পুরষ্কার ৫০ হাজার টাকার।

দেশের কৃষি প্রক্রিয়াজাত খাতের পথিকৃৎ ‘প্রাণ’র এ উদ্যোগে চলতি বছরের ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রাপ্ত প্রতিবেদন থেকে পাঁচ সদস্যের জুরি বোর্ডের মাধ্যমে যাচাই-বাছাই শেষে বছরের সেরা সাত প্রতিবেদনকে পুরস্কৃত করা হবে।

আধুনিক কৃষি ও বাজারজাতকরণের টেকসই ব্যবস্থা, মানসম্মত কৃষিপণ্য উৎপাদন ও সমন্বিত কৃষি ব্যবস্থা, কৃষি ও কৃষকদের উন্নয়নে এগ্রো প্রসেসিং খাতের প্রসার, কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাতের অগ্রগতি, সমস্যা ও সম্ভাবনা, নতুন বিনিয়োগও কর্মসংস্থান, কৃষি প্রক্রিয়াজাত খাতের সরবরাহ ব্যবস্থা, এ খাতের রপ্তানি, সমস্যা ও সম্ভাবনাসহ কৃষি প্রক্রিয়াজাত খাত নিয়ে করা সেরা প্রতিবেদনগুলো এ উদ্যোগের মাধ্যমে পুরস্কৃত করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত