চট্টগ্রামে বাঁশখালী উপজেলার বৈলছড়ি পাহাড়ি এলাকায় বন্য হাতির আক্রমণে সিবাগাতুল্লাহ রিজভী নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১ এপ্রিল) ভোর রাত ৪টার দিকে উপজেলার বৈলছড়ী ইউনিয়নের পূর্ব বৈলছড়ী ৪নং ওয়ার্ডের এক নম্বর গোদার পার সংলগ্ন লিচু বাগানে এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বৈলছড়ী কুলিন পাড়া এলাকার মৃত তৈয়ব উল্লার ছেলে। এ বিষয়টি নিশ্চিত করেন বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কফিল উদ্দিন।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রিজবী বিগত কয়েক মাস ধরে পূর্ব বৈলছড়ী ৩ নং ওয়ার্ডের নুন্না পুকুর পাড় এলাকার বদি আলমের ছেলে মো. ছগিরের মুদির দোকানে চাকুরি করে। বুধবার রাত ৩টার দিকে লিচু বাগানে হাতি আসার খবর পেয়ে দেখতে গেলে হাতির আক্রমণে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাঁশখালী গুনাগরী একটি বেসরকারি হাসপাতালে ভর্তির করে। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।
বনবিভাগের কালীপুর রেঞ্জ কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, বন্য হাতির আক্রমণে এক যুবকের মৃত্যুর খবর আমরা পেয়েছি। এ বিষয়ে আমরা বিস্তারিত খোঁজখবর নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হবে।
