ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হলে যে দলের প্রার্থীই হোক কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। তিনি বলেছেন, ‘ভোটের পরিবেশ সুন্দর ও সুষ্ঠু রাখতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। দেশের সব ধরনের নির্বাচন আবার সুষ্ঠু নিরপেক্ষ করতে কমিশন কাজ করে যাচ্ছে।’
গতকাল শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে প্রার্থীদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আগামী উপজেলা নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের সবাইকে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে চলতে অনুরোধ জানান।
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের উপ-মহাপরিদর্শক রাজশাহী রেঞ্জ আনিসুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমুখ। এ সময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মো. মাহবুবুর রহমান, সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান ম-ল ও সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলামসহ বিভিন্ন উপজেলার চেয়ারম্যান প্রার্থী ও অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
